সাভার, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী ও সন্তানসহ আপন ভাইকে হত্যার অভিযোগে সাভারে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। একই ঘটনায় একটি অপমৃত্যুর মামলাও করা হয়েছে।
সোমবার রাতে সাভার মডেল থানায় এ মামলা দু'টি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সকাল ১১টার দিকে সাভারের হেমায়েতপুরের হরিণধরা মহল্লায় নিজ বাসা থেকে রঞ্জিত সরকার ওরফে বিশাল, তার স্ত্রী রিতা মল্লিক (২৪) এবং ছেলে শিশির সরকারের (৫) লাশ উদ্ধার করে পুলিশ।
রঞ্জিতের পরিবারের সদস্যরা বলছে স্ত্রী ও ছেলেকে হত্যার পর রঞ্জিত আত্মহত্যা করেছেন।
কিন্তু রঞ্জিতের শ্বশুরবাড়ির লোকজনের দাবি, সম্পত্তির লোভে হত্যাকা- ঘটিয়েছে তার পরিবারের লোকজন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, রঞ্জিতের স্ত্রীর বড়ভাই সুমন মল্লিক বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা (নম্বর ৩১) করেছেন। এ মামলায় রঞ্জিতের বড়ভাই গোপাল সরকারকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, রঞ্জিতের টাকা-পয়সা আত্মসাতের উদ্দেশ্যে তার ভাই গোপাল সরকার এই হত্যাকা- ঘটিয়েছেন।
এছাড়া আরেকটি অপমৃত্যুর মামলা (নম্বর ৩২) করেন রঞ্জিত সরকারের চাচাত ভাই বীরন সরকার।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাভার মডেল থানার ওসি মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে কোনো এক সময় রঞ্জিত তার স্ত্রী রিতা মল্লিককে শ্বাসরোধে আর ছেলেকে ঘাড় মটকিয়ে হত্যা করেন। কয়েকঘণ্টা পর স্ত্রীর শাড়ি দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে রঞ্জিতের লেখা একটি চিঠি উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি বিভিন্ন লোকের কাছে তার পাওনা প্রায় ৭০-৮০ লাখ টাকার কথা উল্লেখ করেছেন। চিঠিতে আত্মহত্যার বিষয়টিও রয়েছে বলে জানান ওসি।
রঞ্জিতের বড় ভাই গোপাল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে রঞ্জিতের কক্ষ বন্ধ ও তার স্ত্রী-সন্তানকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে দেখতে পায় রঞ্জিতের স্ত্রী ও পুত্রের লাশ মেঝেতে এবং রঞ্জিত ঘরের মধ্যে ঝুলে আছে।
গোপাল বলেন, রঞ্জিত বেশ ধন সম্পদের মালিক। সাভার বাজার বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজায় তার একটি রেডিমেট গার্মেন্টসের দোকান ছিল। কিছুদিন আগে সে দোকানটি বিক্রি করে দেয়।
তিনি বলেন, "রঞ্জিত ছিল মাদকাসক্ত। প্রায়ই তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেয়া হতো।"
প্রতিবেশী জান্নাতুল নাঈম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে তাদের সঙ্গে রঞ্জিতের দেখা হয়েছে।
"এরপরেই শুনতে পাই সে আত্মহত্যা করেছে। রঞ্জিত মাদকাসক্ত ছিলো। সে সব ধরনের মাদক সেবন করতো, " বলেন জান্নাতুল নাঈম।
একটি মামলার বাদী রঞ্জিতের স্ত্রীর বড়ভাই সুমন মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রঞ্জিতের অনেক সম্পত্তি রয়েছে। তার পরিবারের লোকজন সবাইকে হত্যা করে সেই সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা করছে।"
তিনি বলেন, কিছুদিন আগেও রঞ্জিতের ভাইয়েরা রঞ্জিতকে একটি দোকান বিক্রি করতে বাধ্য করেছে। রঞ্জিত আগে মাদকাসক্ত ছিলো না। দোকান বিক্রির পর থেকে সে মাদক সেবন শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৩৩ ঘ.
bdnews24