ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া, নওগাঁ ও লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় সোমবার পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয় অন্তত ১০ জন।
নিহতদের মধ্যে রয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে দুইজন, নওগাঁর মান্দায় একজন এবং লালমনিরহাটের হাতিবান্ধায় দুইজন।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১১টার দিকে কুমারখালীর কাজীপাড়ায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী আব্দুল মালেক (৩৫)।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১০ যাত্রী আহত হয়।
হাসপাতালে নেওয়ার পর বাসযাত্রী অজ্ঞাত পরিচয় এক শিশুর মৃত্যু হয়।
কুমারখালী থানার ওসি খন্দকার ফেরদৌস আহমেদ সাংবাদিকদের জানান, আহতদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁ প্রতিনিধি জানান, মান্দা ফেরিঘাটের পূর্বপাশে বিআরটিসি'র একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন সাইকেল আরোহী মাদ্রাসা শিক্ষক আবুল কালাম আজাদ।
তিনি উপজেলার কুসম্বা মাদ্রাসার শিক্ষক এবং পারইল গ্রামের বাসিন্দা।
মান্দা থানার ওসি আব্দুল্লাহ-হেল-বাকী সাংবাদিকদের জানান,
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং প্রায় দেড়ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি আটক করা হয়েছে বলে জানান ওসি।
লালমনিরহাট প্রতিনিধি জানান, সকাল ৭টায় কারবালা দিঘী এলাকায় বাস চাপায় ঘটনাস্থলে নিহত হন সাইকেল আরোহী রশিদুল ইসলামকে (৪০)।
এছাড়া আরডিআরএস এলাকায় দুপুর ৩টার দিকে যাত্রীবাসী বাসের ধাক্কায় নিহত হন পথচারী ঠ্যাংঝাড়া এলাকার ইয়াকুব আলী (৬০)।
হাতিবান্ধা থানার ওসি এনামুল হক জানান, এই দুই দুর্ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৪৮ ঘ.
bdnews24