জামালপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস সঙ্কটে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর জামালপুরের যমুনা সার কারখানায় উৎপাদন পুনরায় শুরু হয়েছে।
গ্যাস সরবরাহ পাওয়ার পর সোমবার থেকে উৎপাদন পুরোদমে শুরু হয়েছে বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত কুমার দেব।
এ বছরের ২৬ মার্চ এ কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। গত ৫ সেপ্টেম্বর পুনরায় গ্যাস পেতে শুরু করে কারখানাটি।
গ্যাস সরবরাহ পেলেও চাপ কম থাকায় তার প্রভাব উৎপাদনে পড়বে বলে জানান অচিন্ত কুমার।
তিনি সাংবাদিকদের বলেন, "প্রতিদিন কমপক্ষে ৩২০ পিএসআই চাপে গ্যাস প্রয়োজন হলেও গ্যাস দেওয়া হচ্ছে ২২০ থেকে ২৪০ পিএসআই। ফলে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার এই কারখানায় উৎপাদন হচ্ছে ৪৮% গ্রেডে।"
১০০ ভাগ উৎপাদনে যেতে গ্যাসের চাপ ৩২০ পিএসআই প্রয়োজন বলে জানান তিনি।
সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে স্থাপিত এ সার কারখানায় ইউরিয়া উৎপাদন হয়। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ইউরিয়ার মোট উৎপাদন ৯ লাখ ৫৯ হাজার মেট্রিক টন। চাহিদা মেটাতে এ বছর আমদানি করা হয়েছে ১৩ লাখ ৩৭ হাজার মেট্রিক টন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৫ ঘ.
bdnews24