বরিশাল, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল জিলা স্কুলের নবম শ্রেণীর এক ছাত্র নিজের বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
রোববার রাতে নগরীর কাউনিয়া ক্লাব রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত স্কুলছাত্রের নাম রাশেদুল ইসলাম সাগর (১৪)। তিনি ক্লাব রোড এলাকার বাসিন্দা ও মাধবপাশা বালিকা বিদ্যালয়ের শিক্ষক গোলাম রহমানের একমাত্র ছেলে।
গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টার দিকে সবাই ঘুমাতে যাই। রাত আড়াইটার দিকে রাশেদুলের শয়নকক্ষে বিকট শব্দ হয়। তার ঘরে গিয়ে দেখি সে মেঝেতে লুটিয়ে পড়ে আছে।
রাশেদুলকে সঙ্গে সঙ্গে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, রাশেদুল মারা গেছেন।
বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাশেদুলের মুখে ও গলায় ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সকালে গৃহকর্মী কাজলকে (৩০) আটক করা হয়েছে বলে জানান তিনি।
কাজল বরগুনার আমতলী উপজেলার সুন্নাখালী গ্রামের বাসিন্দা সৈয়দ আলী হাওলাদারের মেয়ে। তিনি গত ১৫ বছর ধরে ওই বাড়িতে কাজ করে আসছেন।
রাশেদুলের মা শিউলী ইয়াসমিন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের হাসপাতাল রোড শাখায় কেরানীর পদে রয়েছেন।
পুলিশ কর্মকর্তা রফিকুল জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
হত্যার কারণ পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩১০ ঘ.
bdnews24