২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ মাসের তৃতীয় সপ্তাহে এনসিসি'র তফসিল

চলতি মাসের ১৯ বা ২০ তারিখে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসের ১৯ বা ২০ তারিখে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী গেজেট প্রকাশের ১৮০ দিনের মধ্যেই এ নির্বাচন সম্পন্ন করতে হবে। এ হিসাবে আগামী ২ নভেম্বরের মধ্যেই নারায়ণগঞ্জ ও ১০ জানুয়ারির মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করতে হবে। "আগামী ২ নভেম্বরের মধ্যে ভোট হবে। নির্বাচনী তফসিল ঘোষণা, মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণসহ পুরো প্রক্রিয়ায় সময় লাগবে অন্তত ৪০/৪৫ দিন। এসব বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা হবে।" ছহুল জানান, সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোর সমন্বয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় কয়েকদিনের মধ্যে সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ করবে। এরপর তফসিল ঘোষণায় আর কোনো বাধা থাকবে না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কিছু ওয়ার্ডে ইভিএম ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে ইসির কর্মকর্তারা জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে ৯-১৮টিতে ইভিএম এবং বাকি ওয়ার্ডে ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে। বর্তমান সরকার নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর ও গাজীপুরকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা দেয়। মে মাসের প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জ এবং সিদ্ধিরগঞ্জ পৌরসভা বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠন করা হয়। ২৩ জুন নিয়োগ করা হয় প্রশাসক। ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশনের গেজেট প্রকাশ করা হয়। ৭ অগাস্ট অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নাসির উদ্দিনকে নিয়োগ দেওয়া হয় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক। তবে রংপুর ও গাজীপুর সিটি করর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২০৫১ ঘ.