গাজীপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাটাইয়ের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে একটি সোয়েটার কারখানায় আগুন দিয়েছে শ্রমিকরা। অবশ্য বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলকর্মীরা।
শ্রীপুর মডেল থানার ওসি আক্তারুজ্জামান জানান, বেতন না দিয়ে শ্রীপুরের মাওনা পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় গোল্ডেন সোয়েটার কারখানার প্রায় তিনশ' শ্রমিককে ছাটাইয়ের প্রতিবাদে রোববার শ্রমিকরা কারাখানায় আগুন দেওয়ার পাশাপাশি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
বেলা ১২টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানিয়েছেন, রোববার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও সকালে তারা কারখানায় গিয়ে দেখতে পান মূল ফটকে তালা ঝুলছে। এতে তারা বিক্ষোভ শুরু করেন।
"এক পর্যায়ে শ্রমিকরা কারখানার প্রধান ফটক ভেঙে কারখানার আসবাবপত্র, কম্পিউটার ফটোকপিয়ার মেশিন ও ফ্রিজসহ দরজা জানালার কাচ ভাঙচুর করে। এ ছাড়া কারখানার ফিনিশিং সেকশন ও জেনারেটর রুমে আগুন দেয়। এতে কিছু পোশাক ও জেনারেটর পুড়ে যায়", বলেন ওসি আক্তার।
ময়মনসিংহের দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এ সময় শ্রমিকদের মহাসড়ক ছেড়ে যেতে বলায় তারা পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিপেটা এবং পরে কয়েক রাউন্ড গুলি ও কাঁদুনে গ্যাস ছোড়ে।
দমকল কর্মকর্তা সাজেদুল কবীর আগুনের ক্ষয়ক্ষয়তির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। কথা বলার জন্য পাওয়া যায়নি মালিকপক্ষের কাউকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭৫৪ ঘ.
bdnews24