বাগেরহাট, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে শিকার করা হরিণের মাংস-চামড়া ও মাথাসহ দুই ব্যক্তিকে বাগেরহাটের শরণখোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোশাররফ খলিফা (৬৫) ও ফিরোজ সওদাগর (৪৫) খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের বাসিন্দা।
বন কর্তৃপক্ষ জানায়, হরিণের মাংস কেটে ভাগ করার সময় রোববার প্রথম প্রহরে ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের তালতলা বাজারের একটি ঘর থেকে এই দুই শিকারিকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ২০ কেজি হরিণের মাংস, একটি চামড়া, একটি মাথা এবং দা-কুড়াল-ছুরি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চামড়ায় তিনটি গুলির দাগ রয়েছে।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কাশ্যবী বিকাশ চন্দ্র সাংবাদিকদের জানান, শনিবার দুপুরের পর সুন্দরবনের নাংলি ও ধানসাগর ক্যাম্পের মধ্যবর্তী কোনো এলাকা থেকে গুলি করে হরিণটি শিকার করেছিলো তারা।
কাশ্যবী জানান, জিজ্ঞাসাবাদে মোশাররফ জানিয়েছেন, তিনি সেনাবাহিনীর সাবেক সদস্য এবং শিকারে ব্যবহৃত তার ব্যক্তিগত বন্দুকটি লাইসেন্স করা।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো সাংবাদিকদের জানান, এই ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৪৭ ঘ.
bdnews24