২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের নথিপত্র থাকলে আমাদের দিন: আইনমন্ত্রী

একাত্তরের যুদ্ধাপরাধের কোনো প্রামাণিক তথ্য থাকলে তা দিতে আন্তর্জাতিক গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 08:01 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের কোনো প্রামাণিক তথ্য থাকলে তা দিতে আন্তর্জাতিক গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। রোববার সোনারগাঁও হোটেলে একটি আন্তর্জাতিক সেমিনারে তিনি এ আহ্বান জানান। 'ওল্ড ইভিডেন্স অ্যান্ড কোর ইন্টারন্যাশনাল ক্রাইমস' শীর্ষক ওই সেমিনারে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক ড. অ্যালফোজ এম এম ওরি অংশ নেন। আইনমন্ত্রী বলেন, "একাত্তরে আমাদের দেশে মানবতাবিরোধী অপরাধ হয়েছে। অপরাধীরাও এখানে রয়েছে। তাদের বিচার না করা হলে আমাদের দেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।" বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত সাত জনকে এ বিচারের আওতায় আনা হয়েছে। শফিক বলেন, "বর্তমান সরকার আন্তর্জাতিক মান রক্ষা করে এই বিচার করতে চায়। এজন্য আমরা দলিলাদি সংগ্রহ করছি। আপনাদের (আন্তর্জাতিক মহল) কারো কাছে যদি কোন দলিলাদি থাকে, আপনারা সেসব নিয়ে এগিয়ে আসুন। যাতে আমরা আন্তর্জাতিক মান রক্ষা করে বিচার করতে পারি।" তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার যে স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে তার প্রমাণে বিচার কার্যক্রম পর্যবেক্ষণে পর্যবেক্ষকরা আসতে পারেন। আদালতের কার্যক্রম জনগণকে দেখানোর ব্যবস্থাও করা হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক অ্যালফোজ ওরি বলেন, স্বাধীনতার বাংলাদেশ যেহেতু নিজস্ব আদালত পরিচালনা করে আসছে, তাই আশা করছি, তারা একইভাবে এই আদালতও সফলভাবে পরিচালনা করতে পারবে। বিচারে আন্তর্জাতিক মান বজায় থাকছে কি-না সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, "একটি আইন প্রণয়ন বা ট্রাইব্যুনাল গঠন করলেই আন্তর্জাতিক মান রয়েছে কিনা সেটি বলা যায় না। বরং এখানে প্রসিকিউশন, অভিযুক্তপক্ষ এবং ট্রাইব্যুনাল নিজে অর্থাৎ সবপক্ষকে সক্রিয়তা দেখাতে হবে।" সেমিনারের মূল বক্তা ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেন, রোম সংবিধিতে বলা হয়েছে, যুদ্ধাপরাধ হচ্ছে সবচেয়ে মারাত্মক আন্তর্জাতিক অপরাধ। এটা যেন শাস্তিহীন না থাকে, তা আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে। তাদের সবচেয়ে কার্যকর বিচার জাতীয় পর্যায়েই করা সম্ভব। "আমরা সেই কার্যকর বিচারই করতে চাচ্ছি। সেই বিচার করার ক্ষমতা ও প্রত্যয় এ জাতির রয়েছে। সংবিধান, আইনের শাসন ও দেশের স্থিতিশীলতা রক্ষার জন্যই এটা করতে হবে," বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩৫৫ ঘ.