নোয়াখালী, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর উপকূলীয় এলাকার জলদস্যু বাহিনীর প্রধান নাছির কমান্ডারকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
নোয়াখালীর সহকারী পুলিশ সুপার আলী হোসেন রোববার সাংবাদিকদের জানান, শনিবার রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে নাছির (৩৪) গ্রেপ্তার হয়।
তিনি বলেন, নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচরসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে নাছিরের বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলায় পরোয়ানাভুক্ত আসামি তিনি।
নাছির নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মধ্য চরবাটা গ্রামের শাহ আলম ব্যাপারীর ছেলে।
৯০ এর দশকে নোয়াখালী উপকূলে বয়ারচর, নলেরচর, ঢালচর, ক্যারিংচর, ও নঙ্গলীয়ারচরসহ বহু নতুন চর জেগে উঠে। বন বিভাগ সেখানে ম্যানগ্রোভ বনায়ন চাষ করে। এক সময় ওই বনাঞ্চলে গাছ কেটে ভূমিহীনদের কাছে জমি বিক্রি শুরু করে দস্যুরা।
স্থানীয়রা জানায়, দস্যু বাহিনী নেতৃত্ব দিয়ে আসছিলেন বাশার মাঝি। জলদস্যু বাশার মাঝি গত বছরের ৬ জুন নিহত হওয়ার পর তার বাহিনী দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। এর মধ্যে একটির নেতৃত্ব দিচ্ছিলেন নাছির। অন্য গ্র"পের নেতৃত্ব নেন নিজাম।
নিজাম বাহিনীর সদস্যদের আক্রমণে নাছিরের বহু সদস্য নিহত হলে নাছির বাহিনী ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন স্থানে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩২০ ঘ.
bdnews24