ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্টের গ্রেনেড হামলার দুই মামলায় তারেক রহমানসহ নতুন আসামিদের বিরুদ্ধে আগামী ১৫ সেপ্টেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ গঠন হবে।
রোববার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন অভিযোগ গঠনের এ দিন ঠিক করেন।
স¤প্রতি সরকার আলোচিত এ মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এর আগেও দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি ছিলো। তবে নির্দিষ্ট সময়ে বিচার শেষ না হওয়ায় মামলা দুটি জজ আদালতে ফেরত গিয়েছিলো।
মামলার গ্রেপ্তার আসামিদের মধ্যে আলী আহসান মো. মুজাহিদ, লুৎফুজ্জামান বাবরসহ অন্যদের রোববার আদালতে হাজির করা হয়। জামিনে থাকা ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফ আদালতে হাজিরা দেন।
তারেক, হারিছ চৌধুরী, মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১২ জন পলাতক রয়েছেন।
২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার এ মামলার সম্পূরক অভিযোগপত্রে ৩০ জনের নাম যুক্ত করে সিআইডি। এ নিয়ে মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৫২।
ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ লোক আহত হন। এতে শেখ হাসিনার শ্রবণ ইন্দ্রিয়ও ক্ষতিগ্রস্ত হয়।
২০০৮ সালের ৪ সেপ্টেম্বর একই ট্রাইব্যুনালে এ দুই মামলা বিচারের জন্য নেওয়া হয়েছিলো।
দুটি মামলায় রাষ্ট্রপক্ষে ৬১ জনের সাক্ষ্য নেওয়ার পর গত বছরের ৩ অগাস্ট দুই মাসের মধ্যে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিলেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মো. মাসদার হোসেন। পরে হত্যা মামলাটি দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এবং বিস্ফোরক মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।
সম্পূরক অভিযোগপত্রের আরো নতুন আসামি
নতুন অন্য আসামিদের মধ্যে রয়েছে- এনএসআইয়ের সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার ও আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আমিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার, অবসরপ্রাপ্ত আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বখশ চৌধুরী, সাবেক ডিসি (পূর্ব) মো. ওবায়দুর রহমান, সাবেক ডিসি (দক্ষিণ) খান সাঈদ হাসান, অবসরপ্রাপ্ত এএসপি আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত এএসপি মুন্সী আতিকুর রহমান, বিশেষ পুলিশ সুপার মো. রুহুল আমিন।
এছাড়া হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ, মাওলানা শেখ আব্দুস সালাম, মো. আব্দুল মাজেদ বাট ইউসুফ, আব্দুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ, আব্দুর রউফ ওরফে আবু ওমর হোমায়রা, আব্দুল হান্নান সাব্বির, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, রাতুল বাবুর নামও আসামির তালিকায় রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/
bdnews24