গাজীপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের নির্দেশে চাকরিচ্যুত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮২১ কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে। চাকরিচ্যুতির হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্তও নিয়েছে তারা।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে ৮২১ জনকে নিয়োগ দেওয়ায় হাইকোর্ট তাদের নিয়োগ অবৈধ ঘোষণা করে। এরপর শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় তাদের চাকরিচ্যুত করা হয়।
চাকরিচ্যুতির চিঠি পাওয়ার পর রোববার সকালে 'চাকরি রক্ষা কমিটি'র ব্যনারে তারা ক্যাম্পাসে মিছিল করে। পরে ক্যান্টিনের সামনে সমাবেশ করে তারা।
সমাবেশ শেষে 'চাকরি রক্ষা কমিটি' বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে সংবাদ সম্মেলন করে।
সম্মেলনে কমিটির আহ্বায়ক নুরুল আমিন জানান, রায়ের বিরুদ্ধে শিগগিরই আপিল করবেন তারা। আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ না করার দাবিও জানান তিনি ।
হাইকোর্টের আদেশ নিয়ে তারা কোনো প্রতিক্রিয়া না জানালেও বিচারের সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সঠিক কাগজপত্র উপস্থাপন করেনি বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
আমিন অভিযোগ করেন, সরকারি দলের অনেক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে।
"২০০৩ সালের নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ অগাস্ট পর্যন্ত যে সব নিয়োগ দেওয়া হয়েছে তাদের চাকরিচ্যূত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অথচ একই সময়ে নিয়োগ পাওয়া আওয়ামী লীগের নেতাদের ছেলেমেয়েদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি", বলেন তিনি।
বিশ্ববিদ্যালরে উপউপাচার্য অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতেই কর্তৃপক্ষ ৮২১ জনকে চাকরিচ্যুত করেছে।"
২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ অগাস্ট পর্যন্ত সময়ে এ কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ অবৈধ ঘোষণা করতে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া (বর্তমান সরকারদলীয় সংসদ সদস্য) ২০০৪ সালে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।
২০০৬ সালে হাইকোর্টের একটি বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দিয়েছিলো। পরে গাজীপুরের সংসদ সদস্য আকম মোজম্মেল হক ২০১০ সালের ১৫ ডিসেম্বর একটি রিভিউ আবেদন করেন। ওই আবেদনে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ ৮২১ জনকে চাকরিচ্যুত করার আদেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৯২৪ ঘ.
bdnews24