ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর এবং কলাবাগানে শুক্রবার রাতে দুই তরুণী আত্মহত্যা করেছে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন জানান, রাত দেড়টার দিকে নবোদয় হাউজিংয়ের এর ৬ নম্বর রোডের ৩ নম্বর বাড়ির ছয় তলা থেকে লাফিয়ে পড়ে সখি খাতুন (১৬) নামে এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছে।
কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই এলাকার শাহ আলম নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সখি শুক্রবার সন্ধ্যায় আলমের বাসায় গিয়ে বিয়ের জন্য তাকে চাপ দেয়। আলম বিয়ে করতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
পরে সখি ফিরে এসে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। এই ভবনের পাশেই তার বাসা।
আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শাহ আলমকে পুলিশ রাতেই গ্রেপ্তার করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
এদিকে, প্রায় একই সময় কলাবাগান থানা পুলিশ নর্থ সার্কুলার রোড ৫১/৫ নম্বর বাসার চারতলা থেকে গলায় ফাঁস লাগানো প্রতিভা অধিকারি (১৮) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিভা এবং তার বড় ভাই ওই বাসায় ভাড়া থাকতো। প্রতিভার ভাই রাত ৮টার দিকে বাইরে থেকে এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে সাথে নিয়ে দরজা ভেঙ্গে দেখতে পান প্রতিভার মৃতদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলছে।
আত্মহত্যার কারণ জানা যায়নি বলে জানিয়েছেন এসআই হাফিজুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/এসইউ/২০৫৭ ঘ.
bdnews24