২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেঁচে যাওয়া আল-আমীনের চিকিৎসার টাকা নেই

আমিনবাজারে গণপিটুনিতে মৃত্যু থেকে বেঁচে যাওয়া আল-আমীনের বাম হাতের আঙুল এবং কব্জি অস্ত্রোপচার ছাড়া জোড়া লাগবে না। তার ডান হাতেও জোর নেই। এই হাত দিয়ে কোনো কাজ করতে পারছেন না সে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 04:25 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে গণপিটুনিতে মৃত্যু থেকে বেঁচে যাওয়া আল-আমীনের বাম হাতের আঙুল এবং কব্জি অস্ত্রোপচার ছাড়া জোড়া লাগবে না। তার ডান হাতেও জোর নেই। এই হাত দিয়ে কোনো কাজ করতে পারছেন না সে। সেদিনের গণপিটুনির পর মেরুদন্ড আর মাথায় এখনো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে সে। দুর্বল শরীর নিয়ে কিছুক্ষণ হাঁটলেই মাথা ঘোরে তার। ১৭ জুলাই ভোররাতে আমিনাজারের বড়দেশী গ্রামের কেবলার চরে ডাকাত সন্দেহে পিটুনিতে ছয় ছাত্র নিহত হয়। তাদের সঙ্গী আল-আমীনই কেবল বেঁচে যায়। ডাকাতির অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করেন স্থানীয় বালু ব্যবসায়ী আবদুল মালেক। নিহত ছয় ছাত্রের বিরুদ্ধেও ডাকাতির অভিযোগ আনেন তিনি। শুক্রবার দুপুরে দারুস সালাম রোডের নিজের বাসায় বসে আল-আমীন এর ট্যাক্সিচালক বাবা মো. হবি ব্যাপারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরই মধ্যে আল-আমীনের চিকিৎসার জন্য দুই লাখ টাকার ওপর খরচ হয়েছে। চিকিৎসা চালানোর আর সঙ্গতি নেই তার। চিকিৎসার জন্য এখনো কত টাকা প্রয়োজন জানতে চাইলে আল-আমীন বলে, "আঙুল আর কব্জির অপারেশনে লাগবে ৪০ হাজার টাকা। আর ওষুধের খরচ তো আছেই।" এক কক্ষের একটি বাসায় ছোট দুই ভাই-বোন আর বাবা মা মিলে পাঁচ জনের সংসার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি আল-আমীনের বাবা তার ছেলের চিকিৎসার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়ে বলেন, "আমার যা কিছু সঞ্চয় তার সবই এই পোলার চিকিৎসার পিছে গেছে। আত্মীয় স্বজনরাও অনেক করছে। কিন্তু এখন সাহায্য ছাড়া আর সম্ভব না।" মামলা প্রত্যাহারের দাবি ঘটনার দিন ১৭ জুলাই রাতের স্মৃতি এখনো তাড়া করে ফেরে আল-আমীনকে। পুলিশ দেখলেই আতঙ্কিত হয়ে ওঠে সে। আল-আমীনের বাবা জানায়, "ওর কেসে একবার হাজিরা হইছে। অক্টোবর মাসের দুই তারিখে আরেকটা হাজিরা আছে। পুলিশ-কোর্ট এগুলা শুনলেই ও ভয় পায়।" আল-আমীনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, "এখন তো সবাই জানে আমার ছেলে নির্দোষ। ওর কেসটা উঠিয়ে নেয়া হোক।" একই সাথে নিহত ছয় ছাত্রের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। এর আগে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিটি ছাত্রদের বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো প্রমাণ পায়নি। হাইকোর্টের আদেশে এ কমিটি গঠন করা হয়েছিলো। তদন্ত করেন ঢাকার মহানগর হাকিম উৎপল রায় চৌধুরী। ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার পর সমালোচনার মুখে পুলিশ এ ঘটনায় একটি তদন্ত কমিটি করে। তবে পুলিশের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নিহতের পরিবারের সদস্যরা। তাদের আশঙ্কা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের তদন্তে বের হয়ে নাও আসতে পারে। এরপর উচ্চ আদালত ওই ঘটনার সময় পুলিশের ভূমিকা তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১৭৩১ ঘ.