২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুতে দেরি দাতাদের কারণে: মুহিত

দাতাদের কারণেই পদ্মা সেতুর কাজ শুরু হতে দেরি হচ্ছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাতাদের কারণেই পদ্মা সেতুর কাজ শুরু হতে দেরি হচ্ছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থ মন্ত্রণালয়ে শনিবার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "তারা (বিশ্ব ব্যাংক) অভিযোগ পেলে খতিয়ে দেখে। এ জন্য দেরি হচ্ছে।" বিশ্ব ব্যাংকের প্রতি ইঙ্গিত করে অর্থমন্ত্রী বলেন, "কেউ যদি ক্রটিযুক্ত হয় তাহলে তাকে কালো তালিকাভুক্ত করে দেওয়া হোক। এতে তার কাজ পাওয়া অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে।" তিনি বলেন, "আমরা দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে সবার ওপরে ছিলাম। এ রেপুটেশন থেকে বেরিয়ে আসা কঠিন।" পদ্মা সেতু প্রকল্পে প্রধান ঋণদাতা বিশ্ব ব্যাংকের অর্থায়নকে কেন্দ্র করে এসএনসি-লাভালিন গ্র"প নামের একটি কানাডীয় প্রতিষ্ঠানের কর্মীদের সম্ভাব্য 'দুর্নীতি' বিশ্ব ব্যাংকের অনুরোধে তদন্ত করছে কানাডা। পদ্মা সেতু প্রকল্পের তদারকি প্রতিষ্ঠান নির্বাচনে তৈরি হওয়া সংক্ষিপ্ত তালিকায় এসএনসি-নাভালিন রয়েছে। তবে পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনিশ্চয়তা নেই জানিয়ে মুহিত বলেন, "পদ্মা সেতু হচ্ছে না, এটা ঠিক না।" রোববার অর্থ মন্ত্রণালয়ে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল এম গুরেরোর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক হবে। সেখানে পদ্মা সেতু বিষয়ে আলোচনা হবে বলেও জানান অর্থমন্ত্রী। আগামী জানুয়ারির মধ্যে পদ্মা সেতুর নির্মাণের চূড়ান্ত দরপত্র আহ্বান করা যাবে জানিয়ে তিনি বলেন, "একটু দেরি হচ্ছে, তবে কিছু ভালো দিকও আছে। পুনর্বাসন কাজ চলছে। ইসলামী উন্নয়ন ব্যাংকের অর্থায়নে অ্যাপ্রোচ রোড নির্মাণের চুক্তি এক মাসের মধ্যেই হবে।" জাপানের বিদায়ী রাষ্ট্রদুত তামোৎসু সিনোৎসুকার সঙ্গে অর্থমন্ত্রণালয়ে বৈঠকের পর সাংবাদিকদের এ সব কথা বলেন অর্থমন্ত্রী। কারো নাম উল্লেখ না করে মুহিত বলেন, "একই ব্যক্তিরা অভিযোগ পাঠাচ্ছে।" দাতাদের মধ্যে সমন্বয়হীনতার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "ডোনারদের মধ্যে সমন্বয়হীনতা আছে। বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) 'অযোগ্য তালিকা' (ইনএলিজিবিলিটি লিস্ট) দুই রকম। বিশ্ব ব্যাংকের তালিকায় যারা আছেন তারা হয়তো এডিবির তালিকায় নেই, আবার এডিবির তালিকায় যারা আছেন তারা হয়তো বিশ্ব ব্যাংকের তালিকায় নেই।" বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়নের ব্যাংকের মধ্যে সমন্বয়হীনতা আছে বলে গত ১৭ অগাস্টও মন্তব্য করেছিলেন অর্থমন্ত্রী। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি মার্কিন ডলার। সরকার ইতোমধ্যে এ কাজের জন্য বিশ্ব ব্যাংকের সঙ্গে ১২০ কোটি, এডিবির সঙ্গে ৬১ কোটি, জাইকার সঙ্গে ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১৪টি ডলারের ঋণ চুক্তিতে সই করেছে। জাপানের সহযোহিতা বিষয়ে অর্থমন্ত্রী বলেন, "তারা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও পদ্মা সেতুর অর্থায়নের চুক্তি করেছে। এছাড়া ১৭০ কোটি ডলার ব্যয়ে এমআরটি (ম্যাস র‌্যাপিড ট্রানজিট) করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানেও জাপানের অর্থায়ন থাকবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০০২ ঘ.