২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষার গুণগত মানোন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)Ñ শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষার গুণগত মানোন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন তিনি। নয়াদিল্লির মানেকশ সেন্টারে ই-৯ দেশসমূহের শিক্ষামন্ত্রীদের সম্মেলনে নাহিদ এ বক্তব্য দেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। শনিবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি বলেন, "শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করা বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনেস্কোসহ বিভিন্ন দেশের কারিগরি ও আর্থিক সহায়তা প্রয়োজন।" সরকারি হিসেব মতে, বাংলাদেশে ৪৮ শতাংশ শিক্ষার্থী প্রাথমিক পর্যায় থেকে ঝরে পড়ে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ইউনেস্কো ও ভারত সরকারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত 'সমন্বিত ও টেকসই উন্নয়নের জন্য নারী শিক্ষা' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বৃহস্পতিবার যোগ দিয়েছেন শিক্ষামন্ত্রী। সম্মেলনে শিক্ষাখাতে বর্তমান সরকারের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ২০১১ সালে সারাদেশে ২৩ কোটি ২২ লাখ বই বিনামূল্যে বিতরণ করা হবে। তিনি বলেন, দেশের প্রাথমিক স্তরের শিক্ষায় ৯৯ দশমিক ৩৪ ভাগ শিশুর স্কুলে ভর্তি নিশ্চিত করা হয়েছে। ২০১৪ সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা হবে। ই-৯ দেশসমূহকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও সর্বস্তরে শিক্ষার মান নিশ্চিত করাসহ অভিন্ন নানা সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। সম্মেলনে তিন সদস্য বিশিষ্ট বাংলাদেশি প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক এ করিম ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মাহবুবুন নাহার। ভারতের শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শিক্ষামন্ত্রী শনিবার নয়াদিল্লির শাস্ত্রীভবনে ভারতের শিক্ষামন্ত্রী কপিল সিবালের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা দু'দেশের স্বার্থ সংশ্লি¬ষ্ট বিষয়ে আলোচনা করেন। শিক্ষাখাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে নাহিদ সিবালকে জানান, সর্বস্তরে শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ, উচ্চ শিক্ষায় গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার সুযোগ রয়েছে। দু'দেশের শিক্ষাখাতের অব্যাহত উন্নয়নের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন নাহিদ। তিনি ভারতের শিক্ষামন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৮৪০ঘ