ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খিলগাঁও ফ্লাইওভারের একটি অংশ দেবে যাওয়ার ঘটনায় তদারককারী প্রতিষ্ঠান ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দায়ী করেছেন এর নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী নুরুল আমীন।
শনিবার ফ্লাইওভারের বিভিন্নস্থান পরিদর্শন শেষে নির্মাণকারী প্রতিষ্ঠান 'ডেভেলপমেন্ট কনস্ট্রাকশনের' প্রধান প্রকৌশলী নুরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘদিন ধরে এ ফ্লাইওভারের নজরদারি করা হয়নি।"
"চলাচলকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণের কথা বলা থাকলেও এখানে কোনো নির্দেশনা নেই। ফ্লাইওভারের বিভিন্ন বাঁকে উচ্চগতি নিয়ে ভারি যানবাহন চলাচল করায় এ ক্ষতি হয়েছে", যোগ করেন তিনি।
দীর্ঘদিন ধরে অবহেলার কারণে এ ক্ষতি হয়েছে বলে দাবি করেন নুরুল আমীন।
পশ্চিম পাশের একটি অংশ দেবে যাওয়ায় শুক্রবার রাত ৮টার দিকে দেশের বৃহত্তম এই উড়াল সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। প্রায় ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার দুপুরে হালকা যানবাহন চলাচলের জন্য আবার সেতুটি খুলে দেওয়া হয়।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে নির্মীত হয় এ ফ্লাইওভার ২০০৫ সালের মার্চে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর নকশা ও নির্মাণকাজ তত্ত্ববধানেও ছিলেন স্থানীয় প্রকৌশলীরাই। ১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ এবং ১৪ মিটার প্রশস্ত এই উড়াল সেতু নির্মাণে সব মিলিয়ে ব্যয় হয় ৮১ কোটি ৭৫ লাখ টাকা।
এলজিইডি'র সুপারিনটেন্ডেন্ট প্রকৌশলী সৈয়দ মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সমস্যা এক দিনে হয়নি।
ফ্লাইওভারের প্রতিটি স্প্যানের জোড়া (এক্সপানশন জয়েন্ট) দেখিয়ে তিনি বলেন, "এগুলো বালু দিয়ে ভর্তি হয়ে গেছে। কিন্তু এখানে কোনো ধরনের আবর্জনা থাকার কথা নয়। এ বালু ভর্তি হয়ে যাওয়ায় পিলারের সঙ্গে থাকা বেয়ারিং অচল হয়ে পড়েছে। তাই এ ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে।"
উড়াল সেতুর পরামর্শক (সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার) প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, সিটি করপোরেশনের অবহেলা এর মূল কারণ। মেরামত বা নজরদারি না করায় বেয়ারিং এ ধুলা জমে তা উপর-নিচ করতে না পারায় এ ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জিএনএ/১৭১৭ ঘ.
bdnews24