টাঙ্গাইল, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে এক রিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছে অপর দুই রিকশা চালক।
শনিবার প্রথম প্রহরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। শনিবার সকালে অজ্ঞাত পরিচয় ওই রিকশাচালকের (২০) লাশ উদ্ধার করা হয়েছে।
মির্জাপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্র্রেসের ছাদে চড়ে বাড়ি যাচ্ছিল পাঁচ রিকশাচালক। রাত ২টার দিকে ছাদের অন্য কয়েক যাত্রী তাদের কাছে সিগারেট চায়। সিগারেট নাই জানালে তারা টাকা চায়। এসময় বাগবিতণ্ডার এক পর্যায়ে দুবৃর্ত্তরা তিন জনকে চলন্ত ট্রেনের ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়।
আহতরা হলেন- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাসাদাওয়া পুকুর গ্রামের মোমেন মিয়া (২২) ও একই উপজেলার পুকুরহাট গ্রামের আইয়ুব আলী (২৩)।
তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪২৪ ঘ.
bdnews24