ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি অংশ দেবে যাওয়ার কারণে প্রায় ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার শনিবার দুপুরে হালকা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, "বুয়েটের বিশেষজ্ঞরা ফ্লাইওভার পরিদর্শন করে জানিয়েছেন, আপাতত হালকা যানবাহন চলাচলে ঝুঁকি নেই। তাদের সুপারিশে দুপুর ১টা থেকে ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে।"
পশ্চিম পাশের একটি অংশ দেবে যাওয়ায় শুক্রবার রাত ৮টার দিকে দেশের বৃহত্তম এই উড়াল সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এর আগে সকালে ক্ষতিগ্রস্ত ফ্লাইওভার পরিদর্শন করে এর নির্মাণের সময় প্রকল্প পরিচালকের দায়িত্বে থাকা প্রকৌশলী হায়দার আলী সাংবাদিকদের বলেন, অতিরিক্ত ভারবাহী যান চলাচলের কারণেই রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের একাংশ দেবে গেছে।
"২০০৫ সালে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) কাছে হস্তান্তরের সময় আমরা বলে দিয়েছিলাম, ফ্লাইওভারে চলাচলকারী গাড়ির সর্বোচ্চ ওজন হবে ১০ টন। কিন্তু এর ওপর দিয়ে অতিরিক্ত ভারবহনকারী যান চলাচল করতো নিয়মিত।"
লোহার রডবাহী একটি ট্রাকের ওজন ২৪ থেকে ২৭ টন পর্যন্ত হয়ে থাকে জানিয়ে হায়দার আলী বলেন, এ ধরনের ট্রাক নিয়মিত এই ফ্লাইওভারের ওপর দিয়ে চলাচল করে।
শুক্রবার রাতে ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান বলেছেন, তারা 'ভয়ের কিছু' তারা পাননি।
শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান ফ্লাইওভারে ত্র"টির কারণ অনুসন্ধানে গঠিত পাঁচ সদস্যের তদন্ত দল।
এ দলের সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মুনাজ আহমেদ নূর সাংবাদিকদের বলেন, "দেবে যাওয়া স্থানটি অনেক আগে থেকেই এই অবস্থায় ছিল। প্রাথমিক তদন্তে আতঙ্কিত হওয়াার মতো কিছু আমরা পাইনি।"
রক্ষাণাবেক্ষণে ত্রটির কারণে এ সমস্যা হয়নি বলেও দাবি করেন তিনি।
ফ্লাইওভারের নকশায় সমস্যা আছে কি না জানতে চাইলে এই প্রকৌশলী বলেন, "আমরা প্রাথমিক তদন্ত করছি। নকশায় সমস্যা ছিল কি না তা পরে বিশদ তদন্ত ও পর্যালোচনায় খতিয়ে দেখা হবে।"
উড়াল সেতুর কাঠামোগত (স্ট্রাকচালাল) কোনো ত্র"টি তারা দেখেননি জানিয়ে মুনাজ আহমেদ বলেন, আপাতত মেরামতের প্রয়োজন না থাকলেও নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে।
আপাতত হালকা যান চলাচলে ঝুঁকি নেই- তদন্ত দলের কাছ থেকে এমন সুপারিশ পাওয়ার পর ফ্লাইওভার খুলে দেওয়ার ঘোষণা দেন ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে নির্মিত দেশের বৃহত্তম এই এ ফ্লাইওভার ২০০৫ সালের মার্চে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর নকশা ও নির্মাণকাজ তত্ত্ববধানেও ছিলেন স্থানীয় প্রকৌশলীরাই।
১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ এবং ১৪ মিটার প্রশস্ত এই উড়াল সেতু নির্মাণে সব মিলিয়ে ব্যয় হয় ৮১ কোটি ৭৫ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/জেকে/০৩১৫ ঘ.
bdnews24