২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাংশ দেবে খিলগাঁও ফ্লাইওভার বন্ধ

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের একটি অংশ দেবে যাওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তবে এলজিইডির প্রধান প্রকৌশলী বলছেন, এটি বড় কোনো 'হুমকি' নয়। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 04:12 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের একটি অংশ দেবে যাওয়ায় এর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফ্লাইওভারের পশ্চিম পাশের একটি অংশ ২ ইঞ্চির মতো দেবে গেছে। এ কারণে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।" খিলগাঁও ফ্লাইওভার এলাকায় দায়িত্বরত পুলিশের এএসআই ফেরদৌস আলম বলেন, "শাহাজানপুরের দিক থেকে ফ্লাইওভারে ওঠার পর দ্বিতীয় মোড়ের একটি পিলার সপ্তাহখানেক আগে খানিকটা দেবে যায়। এ কারণে ভারি যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। শুক্রবার রাত ৮টার পর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।" দেশের বৃহত্তম এই ফ্লাইওভারটি বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের মার্চে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ এবং ১৪ মিটার প্রশস্ত এই উড়াল সেতু নির্মাণে সব মিলিয়ে ব্যয় হয় ৮১ কোটি ৭৫ লাখ টাকা। ফ্লইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের নকশা ও তত্ত্বাবধানেই এর নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে এলজিইডির প্রধান প্রকৌশলী এম ওয়াহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এখন ঘটনাস্থলে আছি। ফ্লাইওভারের 'স্ট্রাকচারাল' কোনো ক্ষতি হয়নি। এখানে কোনো ফ্র্যকচারও দেখছি না। তবে সরু একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।" এই 'ক্ষতিগ্রস্ত অংশটি' ফ্লাইওভারের জন্য বড় কোনো হুমকি নয় বলেও দাবি করেন তিনি। প্রকৌশলী অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মনে করেন, ত্র"টি যতো সামান্যই হোক, দ্রুত এর কারণ খুঁজে বের করে পরবর্তী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ত্র"টি সামান্য হয়ে থাকলেও ভারি যান চলাচল এখনই বন্ধ করতে হবে এবং স্বল্পতম সময়ে দেবে যাওয়ার কারণ খুঁজে বের করতে হবে।" এই প্রকৌশলীর মতে, ফ্লাইওভারের ভিত্তিতে (ফাউন্ডেশন) কোনো ত্র"টি আছে কি-না এখনই তা খুঁজে বের করা দরকার। তা না হলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। "এখনো পর্যন্ত ঝুঁকি মনে না হলেও ঝুঁকি বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নিতে হবে," বলেন তিনি। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এমএমআর/এলএইচ/এমএইচসি/জেকে/২২০৩ ঘ.