জয়পুরহাট, সেপ্টম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক ব্যক্তি পিটিয়ে তার স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহষ্পতিবার রাতে রায়কালি ইউনিয়নের দেওরা খোসলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাঞ্জিলা বেগম (২৫) ওই গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।
এরপর থেকে খোরশেদ পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে জয়পুরহাটের পুলিশ সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হক জানান, যৌতুকের জন্য প্রায়ই খোরশেদ আলম স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো।
তিনি বলেন, বৃহষ্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুকের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে খোরশেদ লাঠি দিয়ে মারধর করলে তাঞ্জিলা অজ্ঞান হয়ে যান। এরপর খোরশেদ মুমূর্ষু তাঞ্জিলার মুখে বিষ ঢেলে দেয়। এরপর তাকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
ধারণা করা হচ্ছে হাসপাতালে নেওয়ার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছিল, বলেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ময়নাতদন্তসহ মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
রায়কালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর রহমান জানান, যৌতুক নাকি অন্য কোনো কারণে হত্যাকাণ্ড তা বলা যাচ্ছে না। তবে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে গ্রামবাসী নিশ্চিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৪ ঘ.
bdnews24