২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশ মানুষ আর গানকে তারা বেঁধেছিলেন একতারে'

জীবন যখন শুকায়ে যায়, করুণাধারায় এসো/ সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধা রসে ভেসো... গানে-কথায় এভাবেই সদ্য প্রয়াত তিন শিল্পী অজিত রায়, মৃদুল কান্তি চক্রবর্তী আর বিলকিস নাসিরউদ্দিনকে স্মরণ করলো ছায়ানট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীবন যখন শুকায়ে যায়, করুণাধারায় এসো/ সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধা রসে ভেসো... গানে-কথায় এভাবেই সদ্য প্রয়াত তিন শিল্পী অজিত রায়, মৃদুল কান্তি চক্রবর্তী আর বিলকিস নাসিরউদ্দিনকে স্মরণ করলো ছায়ানট। শুক্রবার সকালে ছায়ানট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে এই তিন শিল্পীর অবদানের কথা স্মরণ করে ছায়ানট কার্যকরী কমিটির সদস্য মফিদুল হক বলেন, "সেই ষাটের দশকে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য সাংস্কৃতিক আন্দোলনের যে ধারা তৈরি হয়েছিলো, তাতে এই তিন শিল্পীর অবদান অপরিসীম।" প্রয়াত এই তিন শিল্পীর প্রিয় গানগুলো গেয়েই অনুষ্ঠানে তাদের স্মরণ করেন ছায়ানটের শিক্ষার্থীরা। স্মৃতিচারণ করেন ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন ও সহ-সভাপতি ড. সারওয়ার আলী। "গান শুধু কণ্ঠ দিয়ে হয় না। এর জন্য হৃদয়ের টান থাকতে হয়," এ প্রজন্মের সংগীত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন ড. সারওয়ার আলী। "এই তিন শিল্পী একই সঙ্গে দেশ, দেশের মানুষ এবং গানকে একতারে বাঁধতে পেরেছিলেন। এটা খুব সহজ কাজ নয়।" স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা অজিত রায় ১৯৩৮ সালের ২৯ জুন রংপুরে জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালে বেতারে এবং পরে বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি পান তিনি। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের সময় তার কণ্ঠের কবিতা আবৃত্তি ও সংগ্রামী গান স্বাধীনতাকামী জনতাকে উজ্জীবিত করে। বিভিন্ন সময়ে বুলবুল ললিতকলা একডেমী, ছায়ানট, সংগীত মহাবিদ্যালয় ও উদীচিতে প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন এই নিবেদিতপ্রাণ শিল্পী। সরকার ২০০০ সালে অজিত রায়কে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত করে। গত ৪ সেপ্টেম্বর ফুসফুসের ক্যান্সারে ভুগে মৃত্যু হয় এই শিল্পীর। লোকসঙ্গীত গবেষক, শিল্পী ও শিক্ষক মৃদুল কান্তি চক্রবর্তী গত ১৫ অগাস্ট রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৯৫৫ সালে মরমী শিল্পী হাসন রাজার 'দেশ' সুনামগঞ্জে জন্ম তিনি। লোকসঙ্গীতের একনিষ্ঠ সাধক মৃদুলের কথা স্মরণ করে মফিদুল হক বলেন, "গানকে তিনি শতমুখী ধারায় প্রবাহিত করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র সংগীতকলা বিভাগ প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তাও ছিলেন তিনি। লোক সঙ্গীতের ভাব-সম্পদকে তিন অনুধাবন করেছিলেন হৃদয় দিয়ে।" বার্ধক্যজনিত জটিলতায় ভুগে গত ১ সেপ্টম্বর ৮৭ বছর বয়সে মারা যান রবীন্দ্রসংগীত শিল্পী বিলকিস নাসিরউদ্দিন। ২০০২ সালে একুশে পদক পাওয়া এই শিল্পীর কথা স্মরণ করে লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, "দেশ ভাগের পর পূর্ববাংলায় রবীন্দ্রসংগীত চর্চা, বিশেষ করে বাঙালি মুসলমানের রবীন্দ্রসংগীত সাধনার ইতিহাসে বিলকিস নাসিরউদ্দিন চিরস্মরণীয় হয়ে থাকবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৮২০ ঘ.