ফেনী, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর একটি গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত এবং আরো দুজন আহত হয়েছে।
সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর বড় ঈদগাহ মাঠের পাশে বৃহস্পতিবার রাতে তারা গণপিটুনির শিকার হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- সোনাগাজী উপজেলার সোমপুর এলাকার মতিউর রহমানের ছেলে তাজুল ইসলাম। আহতরা হলেন- সোনাগাজীর আহাম্মদপুরের আবুল হাশেমের ছেলে আরিফ এবং ফুলগাজী উপজেলার বিজয়পুরের হাবিবুল্লাহর ছেলে লিটন।
গ্রামবাসী জানায়, বুধবার রাতে এক দল ডাকাত দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের মহদিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। তখন স্থানীয়দের সন্দেহ হলে তাদের ধাওয়া করে।
ধাওয়ার মুখে সন্দেহভাজন ডাকাত দল পাশের এলাকা সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুরে ঢুকে পড়ে। সেখানে ঈদগাহ এলাকায় চার জনকে ধরে মারধর করা হয়।
সদর থানার ওসি মো. নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার জনকে গ্রামবাসীর রোষানল থেকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
ডাকাতির ঘটনায় সোনাগাজী থানায় মামলা হয়েছে বলে ওই থানার ওসি খুরশিদ আলম জানিয়েছেন।
গত ১৮ জুলাই আমিনবাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয় ছাত্রের মৃত্যুর পর আইন হাতে তুলে না নিতে জনগণের প্রতি সরকারের পক্ষ থেকে আহ্বান জানিয়ে আসছিলো। তবে এর মধ্যেই গণপিটুনির কয়েকটি ঘটনা ঘটে।
ফেনীর পাশের জেলা নোয়াখালীতে গণপিটুনিতে কয়েকজন মারা যাওয়ার পর প্রকাশ হয় এতে পুলিশের অবহেলা ছিলো। সে জন্য কয়েক জন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়।
অন্যদিকে আমিনবাজারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তও শেষ হয়েছে। নিহত ছয় ছাত্র ডাকাত ছিলো না এবং তাদের রক্ষায় পুলিশ সচেষ্ট ছিলো না- তদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে বলে বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্র-পত্রিকায় খবর ছাপা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪২ ঘ.
bdnews24