পাবনা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'টাকার বিনিময়ে' আসামি পক্ষে কাজ করার অভিযোগে পাবনার পাবলিক প্রসিকিউটর (পিপি) বেলায়েত হোসেন বিল্লুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক চিঠিতে এই নির্দেশ দেন বলে জানান অতিরিক্তি পিপি আক্তারুজ্জামান।
তিনি জানান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর মীর শফিকুল আলম বৃহস্পতিবার চিঠিতে বিষয়টি জানিয়েছে। চিঠির অনুলিপি জেলা জজ ও জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
একই চিঠিতে অতিরিক্তি পিপিকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পিপি'র দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে বলে জানান আক্তারুজ্জামান।
গত ১ অগাস্ট আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আইনজীবী বিল্লুর বিরুদ্ধে আসামি পক্ষে কাজ করার অভিযোগ করেন ২৫ ব্যক্তি।
মো. বেলায়েত আলী বিল্লু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি কোনো অপরাধ করেননি। প্রশাসনের কতিপয় ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করে এই আদেশ জারি করিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২২০৩ ঘ.
bdnews24