২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মনজুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

চট্টগ্রামের মেয়র এম মনজুর আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও হয়রানির অভিযোগে মামলা করেছেন এক ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 03:31 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মেয়র এম মনজুর আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও হয়রানির অভিযোগে মামলা করেছেন এক ব্যবসায়ী। নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার বাসিন্দা গার্মেন্ট ব্যবসায়ী মীর ইফতেখার উদ্দিন (৪০) বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মহানগর দায়রা এবং সিনিয়র স্পেশাল জজ এস এম মজিবুর রহমানের আদালতে এ মামলা করেন। এতে মনজুর আলম ছাড়াও তার তিন ছেলে, বড়ভাই, দুই ভাইপো, পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা এবং অপর এক ব্যবসায়ীসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ৭ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত মেয়র থাকাকালীন সময়ে মনজুর আলম দাপ্তরিক ক্ষমতার অপব্যবহার করে ১২ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাৎ এবং বাদীকে হয়রানি করেছেন। বাদীর আইনজীবী সাধনময় ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারপ্রাপ্ত মেয়র থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে মনজুর আলম অন্যান্য আসামিদের যোগসাজশে অর্থ আত্মসাৎ এবং বাদীকে হয়রানি করে অপরাধমূলক অসদাচরণ করেছেন।" তিনি বলেন, আদালত দুর্নীতি দমন কমিশন (দুদক) বিধিমালা ২০০৭ এর বিধি ১৩ এর উপবিধি (৩) অনুযায়ী অভিযোগ আমলে নিয়ে তা তদন্তের জন্য দুদককে নির্দেশ দিয়েছে। বাদীর অভিযোগের অনুলিপি এবং সংশ্লিষ্ট কাগজপত্র ঢাকায় দুদক কার্যালয়ে পাঠানোর পাশাপাশি আদালত তদন্তের মাধ্যমে আগামী ১৪ নভেম্বর দুদককে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে বলে আইনজীবী জানান। মনজুর আলম ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- মনজুর আলমের বড় ভাই মো. আবু তাহের, আবু তাহেরের দুই ছেলে দিদারুল আলম ও শাহিন আলম, মনজুর আলমের তিন ছেলে নিজামুল আলম, সরোয়ার আলম ও ফারুক আজম, মেয়রের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আলহাজ মোস্তফা হাকিম রিয়েল অ্যাস্টেট অ্যান্ড ট্রেডিং করপোরেশনের হিসাব কর্মকর্তা সোহেল আমিন, নির্বাহী কর্মকর্তা এস এম আসাদুজ্জামান এবং গোসাইলডাঙ্গা এলাকার বাসিন্দা ব্যবসায়ী জাফর আহম্মদ। অভিযোগে বলা হয়, ২০০৪ সালের এক ফেব্র"য়ারি আলহাজ মোস্তফা হাকিম রিয়েল এস্টেট অ্যান্ড ট্রেডিং করপোরেশনের সঙ্গে বাদীর প্রতিষ্ঠান এস এ অ্যাপারেলসের ঘরভাড়া চুক্তি হয়। সে অনুযায়ী প্রতিমাসে ৫২ হাজার ২৫০ টাকা ভাড়া দিয়ে দেওয়ানহাটের গোল্ডেন স্টার বিল্ডিংয়ে তিনটি ফ্লোরে কাজ শুরু করে বাদীর প্রতিষ্ঠান। কিন্তু মনজুর আলম বাদীর ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ২০০৫ সালের ১৩ এপ্রিল এস এ অ্যাপারেলসকে ভবন ছাড়ার নোটিশ দেন। তখনকার ওয়ার্ড কাউন্সিলর মনজুর আলম এ নিয়ে বাদীকে ডেকে গালিগালাজ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাদী মীর ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একপর্যায়ে বাধ্য হয়ে ২০০৫ সালের ১ জুলাই মামলার ১০ নম্বর আসামি জাফর আহম্মদের কাছে ফ্যাক্টরি বিক্রি করে দিই। চুক্তি অনুযায়ী মনজুর আলমের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান বরাবরে ঘরভাড়া ও অন্যান্য বিল পরিশোধ করার কথা থাকে জাফরের। "এই হিসাবে ২০০৭ সালের জুন পর্যন্ত জাফরের কাছ থেকে মনজুর আলমের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বকেয়া পাওনা দাঁড়ায় ১২ লাখ ৫৪ হাজার টাকা। কিন্তু তিনি ওই টাকা পরিশোধ না করায় তখনকার ভারপ্রাপ্ত মেয়র মনজুর ও অন্য আসামিরা ২০০৭ সালের ৭ জুন আমাকে আটকে রেখে পুলিশ ডেকে চাপ দিয়ে টাকা আদায়ের চেষ্টা করে," বলেন বাদী। এতে সফল না হয়ে তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় 'মিথ্যা' মামলা দিয়ে গ্রেপ্তার করানো হয় বলেও অভিযোগ করেন মীর ইফতেখার। পরে বাধ্য হয়ে তার ভাই মীর ইকরাম উদ্দিন ওই অর্থ পরিশোধ করেন। 'নানা কারণে' এ মামলা করতে দেরি হয়েছে উল্লেখ করে বাদী বলেন, "মনজুর আলম ও তার পারিবারিক প্রতিষ্ঠান আমার অর্থ আত্মসাৎ করেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/০০৫০ ঘ.