ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) ২০১১-১২ অর্থবছরের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনে (জিসিআর) বাংলাদেশের অবস্থানের আরো অবনমন ঘটেছে।
বিশ্ব অর্থনৈতিক সক্ষমতা সূচক অনুযায়ী জিসিআর এ গতবছর বাংলাদেশ ১০৭তম অবস্থানে থাকলেও এ বছর তা একধাপ নেমে ১০৮-এ এসে দাঁড়িয়েছে। সর্বোচ্চ ৭ পয়েন্টের এ সূচকে এ বছর বাংলাদেশের পয়েন্ট তিন দশমিক ৭৩। ২০০৯ সালে বাংলাদেশের অবস্থান ছিলো ১০৬।
বৃহস্পতিবার বিকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কার্যালয়ে বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন ২০১১-১২ এবং বাংলাদেশ বিজনেস এনভায়রনমেন্ট স্টাডি-২০১১ এই প্রতিবেদন দুটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
প্রতিবেদনটি উপস্থাপন করে ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, বাংলাদেশের বড় ব্যবসায়ী, উদ্যোক্তা, সিইওসহ কমপক্ষে ১০ কোটি টাকার বেশি সম্পদের মালিক এমন ৭০ জনের কাছে ডব্লিউইএফ প্রণীত বিশ্বব্যাপী একটি অভিন্ন প্রশ্নপত্রের উত্তরের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হয়েছে।
অবকাঠামো, উদ্ভাবন, শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য, মানবসম্পদ ইত্যাদি সূচকে এই মতামত চাওয়া হয় বলে জানান তিনি।
২০০১ সাল থেকে সিপিডি বাংলাদেশে এই জরিপ শুরু করলেও আন্তর্জাতিকভাবে ১৯৭৬ সালে এটি শুরু হয়।
প্রতিবেদন অনুসারে ডব্লিউইএফের অন্তর্ভুক্ত ১৪২টি দেশের মধ্যে পাঁচ দশমিক ৭৪ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে আছে সুইজারল্যান্ড। পাঁচ দশমিক ৬৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় সিঙ্গাপুর এবং পাঁচ দশমিক ৬১ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছে সুইডেন।
পার্শ্ববর্তী দেশ ভারত গতবছর ৫১তম অবস্থানে থাকলেও চার দশমিক ৩০ পয়েন্ট পেয়ে এবছর আছে ৫৬তম স্থানে। অন্যদিকে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল গতবছরের তুলনায় কিছুটা এগিয়েছে।
সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলেন, "সুশাসন, শিক্ষা এবং মানবসম্পদ অবকাঠামো এই তিনটি প্রধান সূচকেই আমাদের সমস্যা রয়ে গেছে। এসব মৌল সূচকে যথেষ্ট গতি আনতে না পারলে উন্নতি সম্ভব নয়। এছাড়া বিদ্যুৎক্ষেত্রে উৎপাদন এবং অবকাঠামোগত সমস্যা থেকে যাওয়ায় বিনিয়োগকারীরাও বিনিয়োগে আগ্রহী হচ্ছে না।"
এছাড়া সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে দক্ষ ও যোগ্য ব্যক্তি খাত শক্তিশালী করা না গেলে সরকারি বিভিন্ন উদ্যোগও কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিপিডির সিনিয়র ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২০৪৮ ঘ.
bdnews24