রাজবাড়ী, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েডন্টিফোর ডটকম)- নির্বাচনী সহিংসতায় জড়িত থাকার অভিযোগে রাজবাড়ী-২ আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য সদরুল আমিন হাবিবসহ আট জনকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে রাজবাড়ীর একটি আদালত।
রাজবাড়ী দ্রুত বিচার আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন বৃহস্পতিবার এ রায় দেন বলে জানান মামলার আইনজীবী পাবলিক প্রসিকিউটর শেখ মোহাম্মদ ফরিদউদ্দিন।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- কাজী আরিফুল, ইনামুল হক, মোশারফ হোসেন, আ. হামিদ, ইসলাম, জালাল উদ্দিন ও সোহেল।
আইনজীবী জানান, এ বছরের ৫ জুন রাতে কালুখালী উপজেলার মাজবাড়ী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী শেখ মহিউদ্দিন ইঞ্চুর সমর্থকদের হামলায় অপর চেয়ারম্যান প্রার্থী কাজী সাইফুল ইসলামের পাঁচ সমর্থক আহত হয়।
এই ঘটনায় কাজী সাইফুল ইসলাম সাবেক সংসদ সদস্য হাবিবসহ আট জনের নামে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।
আদালত আট জনকে তিন বছরের কারাদণ্ড ও প্রত্যেক ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের রায় দেন।
রায় ঘোষণার সময় হাবিব ছাড়া বাকি সব আসামিই আদালতে উপস্থিত ছিলেন বলে জানান ফরিদউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯১৭ ঘ.
bdnews24