ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তা চুক্তি না হওয়ায় জন্য ভারতকেই দায়ী করেছে বাংলাদেশ। তবে ঢাকা আশা করছে, আগামী তিন মাসের মধ্যে এ চুক্তি হবে।
মনমোহন সিংয়ের সফর শেষের একদিন পর বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস এক সংবাদ সম্মেলনে বলেন, তিস্তা চুক্তি হয়নি, এর দায়-দায়িত্ব ভারতকেই নিতে হবে।
আলোচনা ও প্রস্তুতি থাকার পরও চুক্তি কেন হয়নি- প্রশ্ন করা হলে তিনি বলেন, "এর উত্তর খুবই সোজা। ভারত আমাদের জানিয়েছে, তারা এ চুক্তি করতে প্রস্তুত নয়।"
"কোনো আনএন্টিসিপেটেড (অভাবনীয়) ঘটনার জন্য যদি কোনো একটি দেশ চুক্তি করতে না পারে, তার দায়িত্ব তাকেই নিতে হবে।"
পররাষ্ট্র সচিব জানান, চুক্তির যে শর্ত ও নিয়মাবলী আগে ঠিক হয়েছে তার কোনো পরিবর্তন হবে না।
"চুক্তির সময় ও স্থানটি ঠিক করতে হবে।"
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতেই বাংলাদেশের প্রত্যাশিত এ চুক্তি হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় এ নিয়ে হতাশা প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও বলেন, তিস্তা চুক্তি না হওয়াটা দুর্ভাগ্যজনক।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, "মমতাকে সামলানো আমাদের কাজ নয়।"
ভারতের প্রধানমন্ত্রীর এ সফরে তিস্তার পানি বণ্টন নিয়ে অর্ন্তর্বতী চুক্তি না হলেও যৌথ বিবৃতিতে এ চুক্তি দ্রুত করার ওপর জোর দেওয়া হয়েছে।
মিজারুল বলেন, "আমাদের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, আগামী তিন মাসের মধ্যে এ চুক্তি হবে।"
তিনি বলেন, "ভারত জানিয়েছে, তাদের রাজ্য সরকারের সঙ্গে [কেন্দ্রীয় সরকারের] আরো আলোচনা প্রয়োজন; এর মানে এই নয় যে চুক্তিটি স্বাক্ষর হবে না।"
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসবেন আশা করা হলেও তিনি আসেননি- এ কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, "আমরা আশা করছি তিনি শিগগির আসবেন।"
ভারতের সঙ্গে অন্যান্য অভিন্ন নদীর পানি বণ্টনের কাঠামো নির্ধারণের ক্ষেত্রে তিস্তা চুক্তি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের ৫২টি অভিন্ন নদী রয়েছে।
কলকাতার দৈনিক আনন্দবাজারের ৫ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলা হয়, খসড়া চুক্তি অনুযায়ী শিলিগুড়ি থেকে ২৫ কিলোমিটার দূরে ভারতের গজলডোবা পয়েন্টে তিস্তায় প্রবাহিত পানির পরিমাণ হিসাব করে দুদেশের মধ্যে পানি বণ্টন হবে। ৪৬০ কিউসেক হারে পানির সঞ্চয় রেখে বাকি পানির ৫২ শতাংশ নেবে ভারত, ৪৮ শতাংশ পাবে বাংলাদেশ।
পরদিনই ভারতের লোকসভার সদস্য আবু হাসেম খান চৌধুরীকে উদ্ধৃত করে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, তিস্তার পানির ৭৫ শতাংশ ভারত নেবে এবং ২৫ শতাংশ বাংলাদেশ পাবে।
উত্তর সিকিমের সো লামো হ্র্রদ থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি হয়ে তিস্তা বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের ভেতর দিয়ে ১২৪ কিলোমিটার পথ পেরিয়ে তিস্তা মিশেছে ব্রহ্মপুত্রে।
ট্রানজিট
পররাষ্ট্র সচিব জানান, দুদেশের সরকারই বাণিজ্য ও আঞ্চলিক সংযোগ নিয়ে আলোচনা করেছে এবং এ নিয়ে কাজ করছে।
তিনি জানান, দেশের অবস্থান তুলে ধরার একটি নথি তৈরিতে ট্রানজিট বিষয়ক মূল কমিটি কাজ করছে।
"এরপর ট্রানজিট সম্পর্কিত চুক্তি হতে পারে।"
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সদ্য সমাপ্ত ঢাকা সফরে ট্রানজিট বিষয়ক সম্মতিপত্র বিনিময় হয়নি কেন- এ কথা জানতে চাইলে মিজারুল কায়েস বলেন, "এ বিষয়ে আলোচনা এখনো শেষ হয়নি। আলোচনা যেহেতু শেষ হয়নি, চুক্তি স্বাক্ষর হবে কীভাবে।"
মনমোহন সিংয়ের ৬ সেপ্টেম্বরের সফরের আগের দিন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এক সংবাদ সম্মেলনে বলেন, ট্রানজিটের সম্মতিপত্রে এ সফরে স্বাক্ষর হবে।
'ঐতিহাসিক সফর'
মনমোহন সিংয়ের সফর 'ঐতিহাসিক' বলে দাবি করেন পররাষ্ট্র সচিব। তার মতে, এ সফরের ফলে দুদেশের সম্পর্ক ধারাবাহিকভাবে চলতে থাকবে।
"এ সফর গুরুত্বপূর্ণ কারণ এটি এখানেই শেষ নয়। তার [মনমোহন সিংয়ের] উপস্থিতি বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্কের ধারাবাহিকতাকে শক্তিশালী করবে।"
"সফরে প্রধানমন্ত্রী একটি দূরদৃষ্টি সম্পন্ন কাঠামোচুক্তি স্বাক্ষর করেছেন," যোগ করেন মিজারুল।
তিনি জানান, দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলের অধিবাসীরা এখন দিন-রাত ২৪ ঘণ্টা বাংলাদেশে প্রবেশ করতে পারবে।
এরই সঙ্গে ভারতের বাজারে বাংলাদেশের ৪৬টি গার্মেন্ট পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়ার বিষয়টিও উল্লেখ করেন পররাষ্ট্র সচিব।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৪ সালের স্থলসীমা চুক্তির আওতায় প্রটোকল স্বাক্ষরে 'নাটকীয়তা' নিয়ে প্রশ্ন করা হলে মিজারুল বলেন, একই বিষয়কে পাঁচজন মানুষ পাঁচ দৃষ্টিভঙ্গিতে দেখে।
"আমার আলোচনা করছি এবং দুপক্ষেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। একটি চুক্তিতে না পৌঁছা পর্যন্ত আলোচনা চলতে থাকে।"
স্বাক্ষর হওয়া প্রটোকলের আওতায় দুদেশের অচিহ্নিত সীমানা চিহ্নিত করণ, অপদখলীয় ভূমি এবং ছিটমহল বিষয়ক দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে বুধবার ঢাকা-দিল্লি যৌথ বিবৃতিতে বলা হয়েছে।
মনমোহন সিংয়ের সফল কি না জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, "আমরা স্থলসীমা প্রটোকল স্বাক্ষর করেছি, দহগ্রাম-আঙ্গরপোতায় ২৪ ঘণ্টা যাতায়াতের সুবিধা পেয়েছি, ৪৬টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, একশ কোটি ডলার ঋণের ৭৬ কোটি ডলার ব্যয়ের প্রকল্প অনুমোদন হয়েছে, কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
"এ সবকিছুর পর এ সফর কেন সফল নয় তা আমার কাছে স্পষ্ট নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/পিডি/২৩৩৩ ঘ.
bdnews24