২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহম্মেদের মৃত্যু: ৭ দিনে মামলা নিয়ে আসামি গ্রেপ্তারের দাবি

আইনজীবী মমতাজউদ্দিন (এম ইউ) আহম্মেদের স্ত্রীর অভিযোগ আগামী এক সপ্তাহের মধ্যে মামলা হিসেবে নথিভুক্ত করে আসামিদের গ্রেপ্তার দাবি করেছে বিএনপি সমর্থক আইনজীবীদের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 10:12 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনজীবী মমতাজউদ্দিন (এম ইউ) আহম্মেদের স্ত্রীর অভিযোগ আগামী এক সপ্তাহের মধ্যে মামলা হিসেবে নথিভুক্ত করে আসামিদের গ্রেপ্তার দাবি করেছে বিএনপি সমর্থক আইনজীবীদের একটি সংগঠন। আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বৃহস্পতিবার বলেন, "অন্যথায় আইনী পদক্ষেপসহ আইনজীবী ও জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।" "২৬ অগাস্ট অভিযোগ দাখিল করার পরে দুই সপ্তাহ পার হয়ে গেলেও মামলাটি এখনো নথিভুক্ত হয়নি।" সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রফিকুল। আদালতে হট্টগোলের মামলার আসামি বিএনপি সমর্থক আইনজীবী এম ইউ আহম্মেদ গত ২৬ অগাস্ট হাসপাতালে মারা যান। গ্রেপ্তারের পর পুলিশি নির্যাতনই তার মৃত্যুর কারণ বলে তার স্ত্রী সেলিনা আহম্মেদ থানায় একটি অভিযোগ দেন। স্বামীর মৃত্যুর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, স্বরাষ্ট্র সচিব, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, গোয়েন্দা পুলিশের উপকমিশনার ও শাহবাগ থানার ওসিকে দায়ী করেন সেলিনা। সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম এক প্রশ্নের জবাবে বলেন, "কোনো হত্যা মামলার এফআইআর দাখিল করলেই সেটা আমলযোগ্য অপরাধ বিবেচনায় আসামিদের গ্রেপ্তার করা হয়। এ জন্য কোনো ওয়ারেন্টের দরকার হয় না।" "এম ইউ আহম্মেদের মৃত্যুর পরই অ্যাটর্নি জেনারেল বলেছেন তাকে (এম ইউ আহম্মেদকে) ডিবি অফিসে নির্যাতন করা হয়নি। উনি এটা কীভাকে জানলেন? এতেই প্রমাণিত হয় যে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ডিবি অফিসের যোগাযোগ রয়েছে।" সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ার জবাব আগামী রোববার সংবাদ সম্মেলন করে দেওয়া হবে বলে জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন খোকন। বিএনপি চেয়ারপার্সন স¤প্রতি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক 'টাকার বিনিময়ে' দিয়েছেন। তার এ অভিযোগের সমালোচনা করে আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। খোকন বলেন, "খালেদা জিয়ার মন্তব্যের বিষয়ে তথ্যপ্রমাণ উপস্থাপন করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/এমআই/পিডি/১৮০১ ঘ.