ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেক্টর ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একইসঙ্গে দক্ষতা বাড়ানোর জন্য আন্তঃমন্ত্রণালয় প্রশিক্ষণে সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।
প্রধানমন্ত্রী কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের সভায় এ কথা বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জাতীয় দক্ষতা উন্নয়নের নীতিমালার চূড়ান্ত খসড়ার অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানে শ্রম-কর্মসংস্থান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'য়ের সভাপতি এ কে আজাদ, তৈরি পোশাক শিল্পের সংগঠন বিজিএমইএ'য়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএ'য়ের সভাপতি সেলিম ওসমান, এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লায়লা কবির, মন্ত্রিপরিষদ সচিব এম এ আজিজ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী ও শিল্পপতিদের সংগঠনগুলোর প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন বলে জানান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
ব্যবসায়ীরা মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে ভারতের সঙ্গে চুক্তি ও প্রটোকল স্বাক্ষরকে বাংলাদেশের অর্জন হিসাবে আখ্যায়িত করেন। শেখ হাসিনার নেতৃত্বের জন্যই ভারতের সঙ্গে সম্পর্কের নতুন দিগন্ত স্থাপিত হয়েছে বলে মত দেন তারা।
এই সরকারের সময়ে গ্রামমুখী অর্থনীতির সাফল্যের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করে ব্যবসায়ীরা বলেন, আগে যারা তৈরি পোশাক শিল্পে কাজ করতো এখন তারা গ্রামে স্বচ্ছল জীবন যাপন করছে।
জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের বৈঠক নিয়মিত করার প্রতি গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, গতবার আওয়ামী লীগ সরকার গঠনের পর ১৬ লাখ যুবার কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছিলো।
যোগাযোগ ব্যবস্থাকে সূচারু করতে রেল ও নৌপথকে জোরদারের কথা উল্লেখ করেন শেখ হাসিনা। সৈয়দপুর বিমানবন্দর চালু করার কথাও বলেন প্রধানমন্ত্রী।
পুষ্টির চাহিদা মেটাতে জন্য গবাদি পশুর উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ এবং সমবায়ের মাধ্যমে বিপণন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হাওর এলাকায় বরফ কল এবং ঢাকার প্রান্ত এলাকায় হাটের ব্যবস্থা করার কথাও বলেন।
সভা শেষে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস প্রধানমন্ত্রীকে বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবিত বাণিজ্যিক লেয়ার মুরগি 'শুভ্রা' উপহার দেন।
'শুভ্রা' এক বছরে ২৮৫ থেকে ২৯০টি ডিম দিতে সক্ষম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৫৫০ ঘ.
bdnews24