চাঁদপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেলমেট ছাড়া মটর সাইকেল চালিয়ে ধরা পড়ে শাস্তির মুখোমুখি হয়েছেন চাঁদপুরের এক পুলিশ কর্মকর্তা।
মতলব (উত্তর) থানার ওই পুলিশ কর্মকর্তা হলেন উপপরিদর্শক লুৎফুর রহমান। তাকে থানা থেকে বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে বলে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ শহীদুল্যাহ চৌধুরী জানিয়েছেন।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গত বুধবার থেকে চাঁদপুরে হেলমেটবিহীন মটর সাইকেল চালকদের বিরুদ্ধে ট্রফিক পুলিশের অভিযান শুরু হয়েছে। এর মধ্যেই হেলমেট না পড়ে মটর সাইকেল চালিয়ে বুধবার ধরা পড়েন লুৎফুর।
পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই দিনের অভিযানে এ পর্যন্ত প্রায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ট্রাফিক পুলিশের পরিদর্শক সৈয়দ নাজমুল হুদা বলেন, "কেউ হেলমেট ছাড়া মটর সাইকেল চালাতে পারবে না। আমরা সচেতনতা সৃষ্টির জন্যে অভিযানে নেমেছি।"
চাঁদপুর সদর মডেল থানার ওসি জাকের হোসাইন জানান, পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে।
"পুলিশ সুপার সব পুলিশ কর্মর্তাদের নির্দেশ দিয়েছেন, হেলমেট ছাড়া কেউ যেন মটর সাইকেল না চালান। কিন্তু অভিযানের প্রথম দিনে এসআই লুৎফুর হেলমেট ছাড়া মটর সাইকেল চালানোর কারণে তাকে থানা থেকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৬ ঘ.
bdnews24