সাক্ষরতার হার নিয়ে বিভ্রান্তি
দেশে সাক্ষরতার হার নিয়ে বিভ্রান্তি রয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যেই।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে ও দিবসের প্রাক্কালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, সচিব ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক সাক্ষরতার হার নিয়ে তিন ধরনের তথ্য দিয়েছেন।
বৃহস্পতিবার সাক্ষরতা দিবসের আলোচনা সভায় মন্ত্রী মো. আফছারুল আমীন জানান, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৫৮ শতাংশ।
কোন জরিপের ভিত্তিতে এ পরিসংখ্যান দেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন, "শিশু জরিপের তথ্যানুযায়ী এ পরিসংখ্যান পাওয়া গেছে।"
কিন্তু শিশু জরিপে সাক্ষরতার বিষয়ে কোনো তথ্য নেওয়া হয় না বলে মন্ত্রীকে জানালে তিনি এর কোনো জবাব দেননি।
এর আগের দিন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. আলমগীর সাংবাদিকদের জানান, দেশে সাক্ষরতার হার ৫৩ শতাংশ।
অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব একেএম আবদুল আওয়াল মজুমদারও বুধবার সাংবাদিকদের জানান, দেশে সাক্ষরতার হার ৫৪ শতাংশ।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত স্মরণিকায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সূত্র উল্লেখ করে বলা হয়েছে, দেশে ১৫ বছরের ঊর্ধ্বে জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৪৮ দশমিক ৮০ শতাংশ এবং ৭ বছরের ঊর্ধ্বে জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৫৩ শতাংশ।
দেশের প্রায় অর্ধেক মানুষ নিরক্ষর বলে বিবিএস'র ওই জরিপে বলা হয়।
সাক্ষরতা দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১১ থেকে ৪৫ বছর বয়সী নিরক্ষর জনগোষ্ঠীর সংখ্যা ৩ কোটি ৭৩ লাখ।
বর্তমানে ৯৯ দশমিক ৩০ শতাংশ শিশু বিদ্যালয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
মন্ত্রী বলেন, "সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি হওয়ায় আমাদের প্রত্যাশিত অর্জন কম। এ অবস্থার উত্তরণে সাক্ষরতা ও কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই।"
গত আড়াই বছরে প্রাথমিক শিক্ষা বিভাগে ৫৮ হাজার শিক্ষক নিয়োগের তথ্য জানিয়ে প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের মনোযোগের কথা তুলে ধরেন তিনি।
এছাড়া প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৫৮ হাজার কোটি টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদী 'শিক্ষার উন্নয়ন প্রকল্প-৩' হাতে নেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান।
আফছারুল আমীন বলেন, শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ২০১১ সালের মধ্যে বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি এবং ২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সচিব একেএম আবদুল আওয়াল মজুমদারের সভাপতিত্ব করেন। এছাড়া বক্তব দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. আলমগীর বক্তব্য দেন।
সাক্ষরতাই মুক্তি, সাক্ষরতাই উন্নতি- এ স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে এবার।
১৯৯৬ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ সংস্থা ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে।
এর আগে সকাল ৯টায় দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত র্যালি হয়। সচিব একেএম আবদুল আওয়াল মজুমদার এর নেতৃত্ব দেন।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে ২০১৪ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন এবং গণতন্ত্রকে সুদৃঢ় করতে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদের কোনো বিকল্প নেই।
এ বছর বিদ্যালয়ে গমনোপযোগী প্রায় শতভাগ শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে সক্ষম হয়েছি উলে¬খ করে শেখ হাসিনা বলেন, "২০১৪ সালের মধ্যে দেশকে সম্পূর্ণভাবে নিররমুক্ত করতে আমরা বদ্ধপরিকর।"
