সাভার, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুরে বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হেমায়েতপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পথচারীদের চাপা দেয় মানিকগঞ্জগামী দ্রুতগতির একটি বাস।
নিহতরা হলেন- কোমল পানীয় তৈরীর কারখানা 'ন্যাশনাল বেভারেজ কোম্পানীর সুপারভাইজার আবুল কাশেম (৭০) এবং অপর একটি কারখানার নিরাপত্তা প্রহরী মনোয়ার হোসেন (৫০)।
কাশেমের বাড়ি নোয়াখালী জেলার রামগতি থানায়। মনোয়ার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার চিংড়িয়ানী গ্রামের প্রয়াত কায়েস উদ্দিনের ছেলে।
আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজন স্থানীয় জামাল হাসপাতালে চিকিৎসাধীন। তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পল্টু ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে মানিকগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ডি-লিংক পরিবহনের বাসটি বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা পথচারীদের উপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। আহত হয় তিন জন।
বাসে কোনো যাত্রী ছিলো না জানিয়ে এসআই বলেন, বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/
bdnews24