২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনবাজারে ছাত্রহত্যা: প্রতিবেদন দিলো বিচার বিভাগীয় কমিটি

আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিটি প্রতিবেদন দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 07:03 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিটি প্রতিবেদন দিয়েছে। হাইকোর্টের আদেশে এ কমিটি গঠন করা হয়েছিলো। তদন্ত করেন ঢাকার মহানগর হাকিম উৎপল চৌধুরী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নিবন্ধকের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক। হাইকোর্টের নির্দেশে তিনি উৎপলকে প্রধান করে এক সদস্যের ওই কমিটি করেছিলেন। প্রতিবেদন জমা দেওয়ার সময় এনামুলের সঙ্গে উৎপলও ছিলেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্ধারিত সময় এক মাসের মধ্যেই কাজ শেষ করে প্রতিবেদন দিতে পেরেছি।" গত ১৮ জুলাই শবে বরাতের রাতে সাভারের আমিনবাজারের বরদেশী এলাকায় ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। আহত হয় এক জন। সমালোচনার মুখে পুলিশ এ ঘটনায় একটি তদন্ত কমিটি করে। তবে পুলিশের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নিহতের পরিবারের সদস্যরা। তারা শঙ্কা প্রকাশ করে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের তদন্তে বের হয়ে নাও আসতে পারে। এরপর উচ্চ আদালত ওই ঘটনার সময় পুলিশের ভূমিকা তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। উৎপল জানান, তিনি ১১ জন পুলিশ সদস্যসহ মোট ৫৪ জনের বক্তব্য শুনে প্রতিবেদন তৈরি করেছেন। এর মধ্যে হতাহত ছাত্রদের পরিবারের সদস্যরাও রয়েছেন। "ওই ঘটনার আসল দিক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে", বলেন তিনি; তবে প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত কিছু তিনি বলেননি। সুপ্রিম কোর্টের একটি সূত্র জানায়, নিহত ছাত্ররা যে ডাকাত ছিলো না, তা প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া তাদের রক্ষায় পুলিশের ভূমিকা যথাযথ ছিলো না বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩৫৪ ঘ.