বরগুনা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবজাতকসহ প্রসূতির মৃত্যুর ঘটনায় বরগুনার পাথরঘাটার এক 'ভুয়া' ক্লিনিকের সাত মালিকসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
পাথরঘাটা থানার উপ-পরিদর্শক অরুণ কুমার বাদী হয়ে মঙ্গলবার মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন শিবলু, আলমগীর হোসেন, কামাল হোসেন, মনির হোসেন, আনু মোল্লা, রুস্তম আলী, আইউব আলী ও অজ্ঞাত পরিচয় এক মহিলা।
এরমধ্যে প্রথম সাতজন 'সার্জিক্যাল ক্লিনিক' নামের ওই প্রতিষ্ঠানের মালিক।
মঙ্গলবার রাতেই শিবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়। অপর আসামিরা পলাতক রয়েছে।
সোমবার রাতে এই ক্লিনিকে মৃত্যু হয় বরগুনার পাথরঘাটা উপজেলার কালিবাড়ি গ্রামের ইকবাল হোসেন স্ত্রী তাজেনূর ও তাদের নবজাতকের।
ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, সোমবার বিকালে অন্তঃসত্ত্বা তাজেনূরকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে আইউব আলী নামের একজন 'ভুয়া চিকিৎসক' অপারেশন করেন।
এক পর্যায়ে ওই চিকিৎসক পালিয়ে গেলে তাজেনূরকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তাজেনূরের স্বামী আরো বলেন, "সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান- ৯ ঘণ্টা আগে তাজেনূর ও তার সন্তানের মৃত্যু হয়েছে।"
বরগুনার সিভিল সার্জন ডা. এএইচএম জহিরুল ইসলাম জানান, এই ক্লিনিকের কোনো নিবন্ধন নেই। কোনো ডাক্তারও নেই। তিনি আগেই ক্লিনিকটি বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ওই নির্দেশ না মানায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
পাথরঘাটা থানার ওসি উজ্জ্বল কুমার দে জানান, এক মালিককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ ওই ক্লিনিকের ভুয়া কাগজপত্র জব্দ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫২ ঘ.
bdnews24