গোপালগঞ্জ, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব শত্রুতার জেরে গোপালগঞ্জ সদরে কলার কাঁদিসহ একটি কলাবাগানের অন্তত চারশ' গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে উত্তর মৌলভীপাড়ার চাষি আব্দুল মান্নান বয়াতির কলাবাগানে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ সুমন সিকদার (১৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
ক্ষতিগ্রস্ত কলাচাষি আব্দুল মান্নান বয়াতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি লিজ নিয়ে অনেক ধার দেনা করে তিনি এই কলাবাগানটি করেন।
পাড়ার কসাই সুমন সিকদার প্রায় সময়ই এখানে গরু বেঁধে দিয়ে বাগানের কলাগাছ খাওয়াত।
বয়াতি বলেন, এ নিয়ে ঈদের তিন দিন আগে সুমনের সঙ্গে তার কথা কাটাকাটি ও ঝগড়া হয়।
মান্নান বয়াতির ধারণা, এর জের ধরেই বাগানের চারশ' কলাগাছ ও চারশ' কলার কাঁদি কেটে ফেলেছে সুমন।
এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মান্নান বয়াতি দাবি করেন।
উত্তর মৌলভীপাড়ার বাসিন্দা রাজু শেখ (১৮) সাংবাদিকদের জানান, এলাকার কিছু দুর্বৃত্ত এ বাগানে বসে তাস খেলতো, মাদক সেবন করতো আর পাড়ার মেয়েদের উত্ত্যক্ত করতো। এ নিয়ে বিভিন্ন সময় কলাচাষির সঙ্গে কসাই সুমনের ঝগড়াও হয়।
তারাই কলাগাছগুলো কেটে মান্নানকে সর্বশ্বান্ত করার চেষ্টা করেছে, বলেন রাজু শেখ।
গোপালগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, এ ব্যাপারে মান্নান বয়াতি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সুমন ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুমনকে গ্রেপ্তার করা হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৫ ঘ.
bdnews24