পাবনা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুর উপজেলায় বিলের বুকে নৌকাডুবিতে এক শিশুসহ দু'জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে এক শিশু।
মঙ্গলবার সন্ধ্যায় রামনগর উত্তরপাড়া গ্রামের বিলে ঝড়ো হাওয়ায় তাদের নৌকাটি ডুবে যায়।
নিহতরা হলেন পাবনা শহরের গোবিন্দা এলাকার বাহরাইন প্রবাসী আমিরুল ইসলাম পাজুর স্ত্রী রেবেকা সুলতানা নিভিয়া (২৪) এবং নিভিয়ার ভাইয়ের মেয়ে সাদিয়া আফরিন ঋতু (৭)।
নিখোঁজ রয়েছে নিভিয়ার মেয়ে নুসরাত জাহান প্রভা (৬)।
ঈদের ছুটিতে নিভিয়া গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলেন।
ফরিদপুর থানার ওসি মলয় কুমার সাহা জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিভিয়া নৌকায় করে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার সময় বিলের মাঝে ঝড়ো হাওয়ায় নৌকাটি ডুবে যায়।
নৌকার অন্য যাত্রীরা সাঁতরে কূলে উঠতে সক্ষম হয়।
রাতেই নিভিয়া ও ঋতুর লাশ ফরিদপুর থেকে গোবিন্দা বাড়ি আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৮ ঘ.
bdnews24