২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিকালে খালেদার সঙ্গে বসছেন মনমোহন

ঢাকা সফরের দ্বিতীয় ও শেষ দিনে মনমোহন সিং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া আরো কয়েকটি কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 05:36 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সফরের দ্বিতীয় ও শেষ দিনে মনমোহন সিং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া আরো কয়েকটি কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাবেন তিনি। দুই দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী মঙ্গলবার ঢাকায় আসেন। সফরের প্রথম দিনে দুই দেশের শীর্ষ বৈঠক হয়। এতে পারস্পরিক সহযোগিতার একটি রূপরেখা চুক্তি হয়েছে। আলোচনায় থাকলেও হয়নি ট্রানজিট এবং অভিন্ন নদীর পানি বণ্টন চুক্তি। বুধবার বিকালে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সোনারগাঁও হোটেলে দেখা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা। বৈঠকের আলোচনার বিষয়বস্তু ঠিক করতে গত রাতে দলের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনায় বসেন তিনি। বিএনপি মনমোহনের সফরকে স্বাগত জানালেও দেশবিরোধী কোনো চুক্তি না করতে সরকারকে হুঁশিয়ার করে আসছিলো। চুক্তিগুলো নিয়ে সংসদে আলোচনা না করারও সমালোচনা করে আসছে তারা। খালেদার পাশাপাশি জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদও বিকালে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সফরের দ্বিতীয় দিনে মনমোহন সিংয়ের কর্মসূচি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মাধ্যমে। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে 'বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়া' শীর্ষক বক্তৃতা দেবেন তিনি। এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন ভারতীয় প্রধানমন্ত্রী। সফর শেষে বিকেল সাড়ে ৫টার দিকে নয়া দিল্লির পথে ঢাকা ছাড়বেন মনমোহন। গত ১২ বছরে মনমোহনই প্রথম প্রধানমন্ত্রী যিনি দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে এলেন। স্ত্রী গুরুশরণ কাউর ছাড়াও তার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, চারটি রাজ্যের মুখ্যমন্ত্রী। তারা হলেন- আসামের তরুণ গোগৈ, মেঘালয়ের মুকুল সাংমা, ত্রিপুরার মানিক সরকার এবং মিজোরামের পু লালথানহাওলা। মঙ্গলবার ঢাকায় বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনার পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতীয় প্রধানমন্ত্রী। এরপর বিকালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সোনারগাঁও হোটেলে বৈঠক করেন তিনি। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয় শীর্ষ বৈঠক। রাতে শেখ হাসিনার দেওয়া নৈশভোজে যোগ দেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়েরও এই সফরে আসার কথা থাকলেও তিস্তার পানি ভাগাভাগির প্রস্তাব নিয়ে আপত্তি তুলে শেষ মুহূর্তে তিনি তা বাতিল করেন। দুই প্রধানমন্ত্রী আঞ্চলিক সহযোগিতা নিয়ে একটি 'রূপরেখা' চুক্তিতে সই করলেও মমতার আপত্তির মুখে বহু আলোচিত তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন চুক্তি স্বাক্ষর হয়নি। চুক্তি হয়নি ভারত থেকে বিদ্যুৎ কেনার বিষয়েও। তিস্তা পানিবণ্টন চুক্তি না হলে বাংলাদেশও ট্রানজিট বিষয়ে আলোচনায় আগ্রহী নয় বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে ট্রানজিট বাস্তবায়নে দুই দেশের মধ্যে কোনো সম্মতিপত্রও বিনিময় হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১১৩০ ঘ.