ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার ও জামালপুরে মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে দুই তরুণীর মৃত্যু হয়েছে।
এরমধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন রুমি বেগম (১৮) এবং জামালপুরে ট্রেনে কাটা পড়া ২২/২৩ বছরের এক অজ্ঞাত পরিচয় তরুণীর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধি জানান, সকালে শ্রীমঙ্গল-ভানুগাছ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া বনের বাঘমারা ক্যাম্প এলাকায় নিহত হন পদ্মছড়া চা বাগানের মনফর আলীর মেয়ে রুমি বেগম।
তিনি সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার (জিআরপি) ওসি ওবায়দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানোর প্রস্তুতি চলছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সমন্বিত সংরক্ষিত বন সহ-ব্যবস্থাপনা কর্মকর্তা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, মায়ের সঙ্গে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুর জিআরপি থানার পাশে সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়েছে।
জামালপুর জিআরপি থানার ওসি সাকের আহম্মেদ জানান, ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ২২/২৩ বছর বয়সী মহিলাটির মৃত্যু হয়েছে।
অজ্ঞাত পরিচয় ওই মহিলার পরনে বোরকা ছিলো।
মেয়েটি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২১ ঘ.
bdnews24