সুনামগঞ্জ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মসজিদের জায়গা নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জ সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে শহরতলির মনোহরপুর গ্রামে এ হামলায় নিহত হন আমজদ আলী (৩৫)। তিনি ওই গ্রামের মছদ্দর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার ওসি আতাউর রহমান জানান, মনোহরপুর গ্রামের আব্দুস ছোবহান ও চাঁদ মিয়ার মধ্যে মসজিদের একটি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে রাত ৮টার দিকে দু'পক্ষের লোকজনের কথা কাটাকাটির এক পর্যায়ে একপক্ষ আরেকপক্ষের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে নিহত হন আমজাদ আলী।
লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.
bdnews24