নীলফামারী, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে নীলফামারীতে মানববন্ধন, মিছিল ও গণপ্রার্থনা করেছে বিভিন্ন সংগঠন।
সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিস্তা ব্যারাজ এলাকার পশ্চিম পাড়ে এ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন সংগঠনসহ নীলফামারী ও লালমনিরহাটের সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে এ কর্মসূচিতে অংশ নেয়।
'সাউথ এশিয়া ওয়াটার অ্যান্ড ক্লাইমেট জাস্টিস ক্যাম্পেইন'র উদ্যোগে বেসরকারি সংস্থা অঙ্গীকার বাংলাদেশ ও নীলাচল এ কর্মসূচি আয়োজন করে। ছিন্নমুকুল বাংলাদেশ ও রিভার ইন পিপল বাংলাদেশ এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, তিস্তা এ অঞ্চলের মানুষের প্রাণ। তিস্তা ব্যারাজের কারণে ধু ধু বালুচরে ফসল ফলছে। মানুষ দুবেলা খেয়ে সুখে আছে। কিন্তু তিস্তার পানির নায্য হিস্যা পাওয়া না গেলে এই সুখ থাকবে না।
বক্তরা বলেন, অনেক নদী যেহেতু ভারত, গণচীন, ভুটান, নেপাল ও বাংলাদেশের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে তাই এসব দেশকে নিয়ে 'যৌথ অববাহিকা কর্তৃপক্ষ' গঠনের আহ্বান জানান তারা।
এসময় বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দীন সরকার, অঙ্গীকার বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মুহম্মদ হিলালউদ্দীন, নিলাচল এর প্রধান নির্বাহী গোলাম রাব্বী রাজু, সাউথ এশিয়া ওয়াটার অ্যান্ড ক্লাইমেট জাস্টিজ ক্যাম্পেইন এর সমন্বয়কারী মোফাস্বের হোসেন, ছিন্নমুকুল বাংলাদেশ এর হারুন-অর-রশিদ প্রমুখ।
এর আগে ডিমলার ডালিয়া পয়েন্ট থেকে একটি মিছিল লালমনিরহাট জেলার হাতিবান্ধার সাধুবাজারে গিয়ে শেষ হয়। এসময় জনতা 'তিস্তা বাঁচাও, তিস্তাবাসীকে বাঁচাও' স্লোগান দেয়।
পরে জনতা নৌকায় চড়ে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে গণপ্রার্থনা করে। এসময় বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর কাছে প্রতীকপত্র পায়ে বেঁধে শান্তির প্রতীক দু'টি পায়রা উড়িয়ে দেওয়া হয়।
হিলালউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের উত্তর সিকিমের হ্রদ থেকে উৎপন্ন হয়ে পশিশ্চবঙ্গের জলপাইগুড়ির মধ্য দিয়ে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের ভেতর দিয়ে ১২৪ কিলোমিটার পথ পেরিয়ে তিস্তা মিলেছে ব্রক্ষ্মপুত্রে।
মনমোহনের সফরকে সামনে রেখেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে জানান হিলালউদ্দীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২৯ ঘ.
bdnews24