নয়া দিল্লি, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মমতা বন্দোপাধ্যায়ের আপত্তির কারণে শেষ মুহূর্তে এসে অনিশ্চত হয়ে পড়েছে বহু প্রতীক্ষিত তিস্তার পানি বণ্টন চুক্তি।
ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই সোমবার সাংবাদিকদের বলেছেন, তিস্তার পানি বণ্টন নিয়ে পশ্চিমবঙ্গের আপত্তি উপেক্ষা করে এগোবে না নয়া দিল্লি।
যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খসড়া চুক্তি নিয়ে আপত্তি জানিয়ে আসছে, সেহেতু চুক্তি হওয়া যে অনিশ্চিত হয়ে পড়েছে, তা স্পষ্ট।
দুদিনের সফরে মঙ্গলবার দুপুরে ঢাকায় যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। তার সফরে তিস্তার পানি বণ্টন নিয়ে অন্তর্বর্তী চুক্তি সইয়ের কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা পানি ভাগাভাগির প্রস্তাব নিয়ে আপত্তি তুলে মনমোহনের সঙ্গে ঢাকা সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন।
পররাষ্ট্র সচিব বলেন, "পানি একটি স্পর্শকাতর বিষয়। তাই রাজ্য সরকারের মত নেওয়া ছাড়া এক্ষেত্রে কিছু করা হয়নি, হবেও না।"
"এ বিষয়ে দিল্লি ও ঢাকার মধ্যে যে চুক্তিই হোক না কেন, তা মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও বাংলাদেশ সরকারের সম্মতিতেই হবে", বলেন তিনি।
তিস্তা চুক্তিতে অনিশ্চয়তা স্পষ্ট হলেও ফেনী নদীর পানি বণ্টন চুক্তির আলোচনা ঠিক পথে এগোচ্ছে বলে জানান রঞ্জন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানায়, তিস্তা চুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়া দিল্লি।
দুর্নীতিসহ নানা অভিযোগে চাপের মধ্যে থাকা কংগ্রেস জোট শরিক মমতার তৃণমূল কংগ্রেসকে এ মুহূর্তে না চটাতেই এ সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
তৃণমূলের পাশাপাশি ভারতের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের অসম গণ পরিষদ (এজিপি) তিস্তা চুক্তির তীব্র বিরোধিতা করে আসছে।
খসড়া চুক্তিতে পানি বণ্টন নিয়ে কী লেখা আছে, তা নিয়ে দুই সরকারের কোনো তরফেই আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে দুই রকম খবর এসেছে গণমাধ্যমে।
কলকাতার দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, খসড়া চুক্তি অনুযায়ী শিলিগুড়ি থেকে ২৫ কিলোমিটার দূরে ভারতের গজলডোবা পয়েন্টে তিস্তায় প্রবাহিত পানির পরিমাণ হিসাব করে দু'দেশের মধ্যে পানিবণ্টন হবে। ৪৬০ কিউসেক হারে পানির সঞ্চয় রেখে বাকি পানির ৫২ শতাংশ নেবে ভারত, ৪৮ শতাংশ পাবে বাংলাদেশ।
কিন্তু পরদিনই ভারতের লোকসভার সদস্য আবু হাসেম খান চৌধুরীকে উদ্ধৃত করে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, তিস্তার পানির ৭৫ শতাংশ ভারত নেবে এবং ২৫ শতাংশ বাংলাদেশ পাবে।
পানি বণ্টন কী হবে- জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি রোববার সাংবাদিকদের বলেন, " আমি এটা নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশকে কেবল ২৫ শতাংশ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে না।"
উত্তর সিকিমের সো লামো হ্র্রদ থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি হয়ে তিস্তা বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের ভেতর দিয়ে ১২৪ কিলোমিটার পথ পেরিয়ে তিস্তা মিশেছে ব্রহ্মপুত্রে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১০ ঘ.
bdnews24