দিহান মারছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ছে। তবে তা এখনো মোট রপ্তানির শূন্য দশমিক ৫০ শতাংশের নিচে। অন্যদিকে ভারতের পণ্য আমদানি তুলনামূলকভাবে বেশি বাড়ায় বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমছে না; উল্টো বাড়ছেই।
বাংলাদেশ ব্যাংকের আমদানি-রপ্তানি সংক্রান্ত সর্বশেষ তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের প্রথম তিন মাস অর্থাৎ জানুয়ারি-মার্চ সময়ে ভারতে ১০ হাজার ৭৭০ মিলিয়ন টাকার পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিলো ৫ হাজার ৪৮২ মিলিয়ন টাকা।
অন্যদিকে চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে বাংলাদেশ ভারত থেকে ১ লাখ ২ হাজার ৭১৬ মিলিয়ন টাকার পণ্য আমদানি করেছে। গত বছরের একই সময়ে আমদানি হয়েছিলো ৬১ হাজার ৮১১ মিলিয়ন টাকার পণ্য।
এ হিসাবে তিন মাসেই ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৯১ হাজার ৯৪৬ মিলিয়ন টাকা। গত বছরের জানুয়ারি-মার্চ সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৫৫ হাজার ৩২৯ মিলিয়ন টাকা।
স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য ভারত সরকার যে স্পর্শকাতর পণ্যের তালিকা করেছে, সেখানে ৪৮০টি পণ্যকে ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের বাইরে রাখা হয়েছে এবং এগুলোর মধ্যে ১৫৪টিই হচ্ছে তৈরি পোশাক (৭৮টি নিটওয়ার এবং ৭৬টি (উভেন পোশাক)।
স্পর্শকাতর এ তালিকা থেকে ২০০৮ সাল থেকে বাংলাদেশ প্রতিবছর ভারতে ৮০ লাখ পিস তৈরি পোশাক শুল্কমুক্তভাবে (শুল্ক ছাড়া) রপ্তানির সুযোগ পায়। স¤প্রতি এ কোটা আরো ২০ লাখ বাড়িয়ে ১ কোটি পিস করা হয়েছে।
মূলত এ কারণেই ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে বলে মনে করছেন তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ'র সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারত ইতোমধ্যে বিশ্বে একটি উদীয়মান অর্থনীতি হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশের মতো প্রতিযোগী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের অবশ্যই একটি ভূমিকা রয়েছে। বাণিজ্যে ছাড় প্রদান এ প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে।"
বিজিএমইএ সভাপতি বলেন, ভারত সরকার যদি তাদের স্পর্শকাতর তালিকায় তৈরি পোশাককে বাইরে রাখেন তাহলে বাংলাদেশের রপ্তানি আয় কয়েকগুণ বেড়ে যাবে। কেননা ভারতের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের বেশ চাহিদা।
"ভারতের পাশে আমাদের যে ভৌগোলিক অবস্থান, তা আমাদের জন্য একটি বড় সুবিধা। আমাদের তৈরি পোশাকের উৎপাদন ব্যয় কম। ভারতের মধ্যবিত্ত শ্রেণীর মানুষের প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্মত পোশাকের যে চাহিদা রয়েছে, তা সরবরাহের সম্ভাবনা ও সামর্থ্য দুটোই আমাদের রয়েছে", বলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে এ বিষয়টি জোরালোভাবে উত্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন সফিউল।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এ প্রসঙ্গে বলেন, ভারতের কাছ থেকে এ সুবিধা আদায় করতে পারলে বাংলাদেশের অর্থনীতি দ্রুত অনেক দূর এগিয়ে যাবে।
"তবে বাস্তবতা হচ্ছে, ভারত খুব সহজে বাংলাদেশকে এ সুবিধা দেবে বলে মনে হয় না", যোগ করেন তিনি।
তৈরি পোশাকের শুল্কমুক্ত রপ্তানির কোটা আরো বাড়াতে জোর তৎপরতা চালানোর জন্য সরকারের প্রতি পরামর্শ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। এছাড়া সিমেন্ট, হোম টেক্সটাইল, কাঁচা পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি বাড়াতেও উদ্যোগী ভূমিকা নেওয়ার পরামর্শ দেন তিনি।
ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ আশা করছেন, বাংলাদেশ লাগোয়া কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সফর দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন করবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ ভারতে ৩৫ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা ওই বছরে দেশের মোট রপ্তানির শূন্য দশমিক ২০ শতাংশ।
তবে তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০০৯-১০ অর্থবছরের চেয়ে ২০১০-১১ অর্থবছরে ভারতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১৮৬ দশমিক ৭৬ শতাংশ।
২০০৯-১০ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিলো ২ দশমিক ৯ বিলিয়ন ডলার। ওই বছর ভারত থেকে বাংলাদেশ ৩ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছিলো। আর এর বিপরীতে মাত্র ৩০০ মিলিয়ন ডলারের পণ্য ভারতে রপ্তানি করেছিলো।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় ২০১০-১১ অর্থবছরের ফেব্র"য়ারি পর্যন্ত ভারত থেকে পণ্য আমদানির যে হিসাব দেওয়া আছে, তাতে দেখা যায়, গত অর্থবছরের জুলাই-ফেব্র"য়ারি সময়ে অর্থাৎ আট মাসে ভারত থেকে বাংলাদেশ ৩ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে।
তবে বাংলাদেশ ভারতের চেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে। আমদানিকারক দেশের তালিকায় ভারত দ্বিতীয়। ২০০৯-১০ অর্থবছরে চীন থেকে ৩ দশমিক ৮২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে। ২০১০-১১ অর্থবছরের জুলাই-ফেব্র"য়ারি সময়ে আমদানির পরিমাণ ছিলো ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১১০৫ ঘ.
bdnews24