গোপালগঞ্জ, সেপ্টম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে ছোট ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মেয়েটি স্থানীয় এমদাদুল হক মেমোরিয়াল কলেজের ছাত্রী।
মেয়েটির পরিবারের বরাত দিয়ে টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাজহারুল হক জানান, ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য খোকন তালুকদার এই মেয়েটিকে বেশ কিছুদিন থেকে উত্ত্যক্ত করে আসছিল।
প্রত্যক্ষদর্শী লিটু মিয়া সাংবাদিকদের জানান, রোবাবার ডুমুরিয়া বাসস্ট্যান্ড দিয়ে যাওয়ার সময় মেয়েটিকে খোকন তালুকদার জোর করে ভ্যান থেকে নামিয়ে টানাহেঁচড়া করে এবং চড়থাপ্পর মেরে মোটরসাইকেলে ওঠানোর চেষ্টা করেন।
তখন মেয়েটি দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে তাদের সহায়তায় থানায় যায়।
মেয়েটির বাবা সাংবাদিকদের জানান, খোকন তালুকদার এলাকায় খুবই প্রভাবশালী। তিনি তার মেয়েকে বিয়ে করার জন্য দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। মাঝে মাঝে রাতেও তাদের বাড়ি গিয়ে উত্ত্যক্ত করতো।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনার পর থেকে ওই ইউপি সদস্য পলাতক রয়েছেন। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24