২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কদমতলীতে হেলে পড়েছে নির্মাণাধীন ভবন

রাজধানী কদমতলীর বউবাজারে নির্মাণাধীন একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী কদমতলীর বউবাজারে নির্মাণাধীন একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভবনটি হেলে পড়ে বলে দমকল বাহিনীর কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এই ঘটনার পর আশপাশের লোকজনকে সরে যেতে বলা হয়েছে। নিলুফার বলেন, "নতুন ওয়াসা বউবাজার এলাকায় নির্মাণাধীন একটি পাঁচতলা ভবন পূর্ব দিকে কিছুটা হেলে পড়েছে বলে স্থানীয় লোকজনেরর কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে যায়। বিকাল পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন।" পূর্বদিকে একটি একতলা ভবন রয়েছে এবং নিচে চারটি দোকান রয়েছে জানিয়ে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পূর্বপাশের দোকান ও আশপাশের ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। হেলে পড়া ভবনের পাশে 'আমির কনফেকশনারী' নামে একটি দোকান রয়েছে। এর মালিক আলী হোসেন সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিকট আওয়াজ শুনি এবং দোকানের তাক থেকে মালামাল নিচে পড়ে যায়। প্রথমে ভূমিকম্প ভাবলেও পরে দোকান থেকে বের হয়ে দেখ যায় নির্মাণাধীন ভবনটি পূর্বদিকে কিছুটা হেলে পড়েছে। ওই ভবনটির মালিক শেখর ঢালী নামে এক ব্যক্তি বলে তিনি জানান। তবে বিকাল পর্যন্ত ভবনের মালিককে ঘটনাস্থলে আসতে দেখা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৮৫৩ ঘ.