২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে 'অবহেলায়' রোগীর মৃত্যু, ভাংচুর, মারধর

অবহেলায় মৃত্যুর অভিযোগে রোববার দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভাংচুর চালিয়েছে এক রোগীর স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবহেলায় মৃত্যুর অভিযোগে রোববার দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভাংচুর চালিয়েছে এক রোগীর স্বজনরা। এ সময় হাসপাতালের লোকজন ওই রোগীর স্বজনরা পরস্পরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। রোববার সকাল ১০টার দিকে হাসাপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় শহরের নয়ন মোড় এলাকার রেজাউল করিমের স্ত্রী জাহানারা বেগমকে (৩৬)। বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। জাহানারার ভাগ্নে স্বপন আহম্মেদ সাংবাদিকদের জানান, তার মামীকে জেনারেল হাসাপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর ভর্তি করে চিকিৎসা দেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তারা অন্য রোগী নিয়ে ব্যস্ত থাকায় বিনা চিকিৎসায় জাহানারা বেগমের মৃত্যু হয়। তিনি অভিযোগ করেন, রোগী মারা যাওয়ার পর স্টাফদের অবহেলার বিষয়ে অভিযোগ করা হলে তারা রোগীর স্বজনদের মারধর করে। এতে মৃত জাহানারার স্বামী রেজাউল করিম, ছেলে সাদ্দাম হোসেন, আত্মীয় শাহজামাল হোসেন ও মোশারফ হোসেন আহত হন। এ ব্যাপারে হাসপাতালের সেবক রেজাউল করিম জানান, অন্য রোগী ভর্তি করার জন্য ব্যস্ত থাকায় হাসপাতালের বারান্দায় রাখা রোগী না দেখে ভর্তি করা হয়নি। ডায়াবেটিসে আক্রান্ত রোগীটি রক্ত শূন্যতায় মারা গেছে। রোগীর মৃত্যুর পর তার স্বজনরা হাসপাতালের ওয়ার্ডবয় মিজানুর রহমানকে মারধর করেছে বলেও তিনি দাবি করেন। হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা রবিউল করিম বলেন, আশঙ্কাজানক অবস্থায় রোগীটি আনা হলেও বিষয়টি কর্তব্যরত মেডিক্যাল অফিসার আইভি রহমান বা তাকে জানানো হয়নি। জানা থাকলে হয়তো দ্রুত ব্যবস্থা নেওয়া যেতো। সদর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, সংবাদ পেয়ে হাসপাতালে আসার পর পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫১ ঘ.