২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

ডাকাত সন্দেহে ফেনীর সোনাগাজী উপজেলায় দুই জনকে পিটিয়ে মেরেছে উত্তেজিত জনতা। আহত হয়েছে একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 09:12 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ফেনী, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাত সন্দেহে ফেনীর সোনাগাজী উপজেলায় দুই জনকে পিটিয়ে মেরেছে উত্তেজিত জনতা। আহত হয়েছে একজন। পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার প্রথম প্রহরে উপজেলার কাজীরহাট স্লুইস গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। তবে পুলিশ বলছে, তারা দাগনভূঁইয়া এলাকার বাসিন্দা। এলাকাবাসী জানায়, রাত আড়াইটার দিকে ১৪-১৫ জনের একদল ডাকাত উপজেলার চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামের ব্যবসায়ী জাহিদুল হকের বাড়িতে হানা দেয়। তারা দরজা ভেঙে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭০ হাজার টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। এসময় বাড়ির লোকজন 'ডাকাত ডাকাত' বলে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে জড়ো হয়। স্থানীয় মসজিদের মাইকে 'গ্রামে ডাকাত পড়েছে' বলে ঘোষণা দেওয়া হয়। তখন গ্রামের প্রায় শতাধিক লোক ডাকাতদের ধাওয়া করে। পশ্চিম চরদরবেশ থেকে কয়েক কিলোমিটার দূরে কাজীরহাট স্লুইসগেট এলাকায় তাদের ধরে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এতে অজ্ঞাতনামা দুই জন (২৮) নিহত হয়। অপর এক জন গুরুতর আহত হয়। সোনাগাজী থানার ওসি খুরশীদ আলম সাংবাদিকদের জানান, নিহতদের বাড়ি দাগনভূঁইয়া এলাকায়। লাশ ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত একজনকে সংজ্ঞাহীন অবস্থায় সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। গত ২৭ জুলাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রহিমার টেক এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয় জন নিহত হয়। নিহতদের মধ্যে শামছুদ্দিন মিলনের মা চর ফকিরা গ্রামের কহিনুর বেগম দাবি করেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে ডাকাত সাজিয়ে মারা হয়েছে। কোম্পানীগঞ্জের ঘটনার এক সপ্তাহ আগে রাজধানীর উপকণ্ঠে সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে পিটুনিতে ছয় যুবক নিহত হয়। পরে জানা যায়, তারা সবাই কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫০৬ ঘ.