ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালিশ বসিয়ে বয়সে ছোট একজনের পায়ে ধরে মাফ চাইতে বাধ্য করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আত্মহত্যা করেছে এক কলেজ ছাত্র।
আশরাফুল আলম আশিষ নামের ওই যুবক শনিবার রাতে কীটনাশক পান করে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।
আশিষ (২০) ঢাকার ক্যাম্ব্রিয়ান কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি আখাউড়ার মোগড়া গ্রামে।
তার বাবা স্কুল শিক্ষক আবুল কাসেম রোববার সাংবাদিকদের জানান, ঈদের ছুটিতে বাড়ি এসে আশিষ শুক্রবার বিকালে নিজের মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। মোগড়া বাজার রাস্তার মোড়ে তার মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে দেবগ্রামের ইয়াকুব আলী (১৭) নামের এক কিশোর সামান্য আহত হয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি হয়।
এ ঘটনায় শনিবার রাত ৯টায় আখাউড়া বড় বাজার রেলগেইটে উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও পৌর কাউন্সিলর মন্তাজ মিয়ার সভাপতিত্বে সালিশ বসে।
সালিশে মাতবররা আশিষকে ২৫ হাজার টাকা জরিমানা করে এবং ইয়াকুবের পা ধরে মাফ চাইতে বাধ্য করে। এছাড়াও বিভিন্নভাবে তাকে সবার সামনে অপমান করা হয় বলে আবুল কাসেম জানান।
তিনি বলেন, সালিশের অপমান সইতে না পেরে আশিষ শনিবার রাত দেড়টার দিকে কীটনাশক খায়। তাৎক্ষণিকভাবে তাকে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
"সালিশে মন্তাজ মিয়া আশিষকে চরম অপমান করে। তা সহ্য করতে না পেরেই সে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই," বলেন আবুল কাসেম।
মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াব মিয়া ও স্থানীয় যুবলীগ সভাপতি আবু কাউছার ভূঁইয়া এবং দেবগ্রামের হাসেম সেক্রেটারি ওই সালিশে উপস্থিত ছিলেন বলেও কাসেম জানান।
এ বিষয়ে বিএনপি নেতা ও কাউন্সিলর মন্তাজ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সামাজিক সালিশ বিচার প্রায়ই আমাদের করতে হয়। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ঠিক না।"
আখাউড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, "আশিষের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৪০১ ঘ.
bdnews24