২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিএনপির ৩৫ নেতকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ ভবনে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে বিএনপির ৩৫ নেতকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 08:27 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

বগুড়া, সেপ্টম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ ভবনে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে বিএনপির ৩৫ নেতকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে এই বৈঠক হয় বলে মামলায় অভিযোগ করা হয়। শনিবার রাতে ধুনট থানায় মামলাটি দায়েন করেন উপজেলার আলেয়া গ্রামের মো. সোহেল রানা। আসামিরা হলেন ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফিরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহিদুল হাসান হীরু, ধুনটের গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবদল সভাপতি রাশেদুজ্জামান উজ্জ্বল, সারিয়াকান্দির চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান জিয়াদুল ইসলাম জিয়াদসহ ৩৫ জন। মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান আহম্মেদ জেম্স মল্লিক জানান, মথুরাপুর ইউনিয়ন পরিষদ ভবনে শুক্রবার গভীর রাতে রাশেদুজ্জামান উজ্জ্বল, মহিদুল হাসান হীরুসহ বিভিন্ন ইউপির কয়েকজন বিএনপিপন্থি নবনির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা গোপন বৈঠকে বসেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ মদ্যপ অবস্থায় মাহফুজার রহমান, কামরুজ্জামান, রাসেল, সুইট, মজনু, রাশেদ খান ও আব্দুস সালামসহ সাতজনকে গ্রেপ্তার করে। বাকিদের ছেড়ে দেয়। তিনি দাবি করেন, নাশকতা ও সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনার লক্ষ্যে প্রস্তুতি সভা চলাকালে পুলিশ রাশেদুজ্জামান উজ্জ্বলসহ বিএনপির অন্য নেতাদের ছেড়ে দিয়ে অখ্যাত কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এই বৈঠক ও পুলিশের এ ধরনের উদ্যোগের প্রতিবাদে শনিবার মথুরাপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে এলাকার লোকজন। সভায় উপজেলা চেয়ারম্যান টিআই নুরুন্নবী তারিক বলেন, নাশকতার উদ্দেশ্যেই ওই গোপন সভা চলছিল। একটি ইউনিয়ন পরিষদ ভবনে রাতের বেলা এই সভা অনুষ্ঠানের দায়িত্ব চেয়ারম্যান ফিরোজ আহম্মেদকেই নিতে হবে। ধুনট থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, "ফোর্স স্বল্পতার কারণে সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে যারা পালিয়ে যারা গেছে তাদের মধ্যে গোসাইবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও ধুনট উপজেলা যুবদল সভাপতি রাশেদুজ্জামান উজ্জ্বল ছিল বলে শুনেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৮ ঘ.