চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড় কেটে আবাসন প্রকল্প স্থাপনের দায়ে চট্টগ্রামে নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রায় দুই কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
শনিবার দুপুরে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের উপস্থিতিতে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আলমের নেতৃত্বে একটি দল এ জরিমানা করে।
সীতাকুণ্ড উপজেলার জঙ্গল লতিফপুর এবং নগরীর খুলশী থানার উত্তর পাহাড়তলী এলাকায় নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক কোটি ৯১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ ছাড়পত্র ছাড়া পাহাড় কেটে আবাসিক প্রকল্প স্থাপন করে প্লট নির্মাণের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করার অপরাধে এ জরিমানা করা হয় বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সীতাকুণ্ডের জঙ্গল লতিফপুরে পাহাড়িকা হাউজিং আবাসিক এলাকা এবং এর আশেপাশের পাহাড়, খুলশী থানাধীন উত্তর পাহাড়তলীতে শাপলা আবাসিক এলাকার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এসব জরিমানা করা হয়।
জাফর বলেন, "এর মধ্যে জঙ্গল লতিফুর এলাকার পাহাড়িকা হাউজিং সোসাইটির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানকে এক কোটি পাঁচ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।"
"এছাড়া দক্ষিণ খুলশী এলাকার মো. জাহেদকে ৫৫ লাখ টাকা, চট্টেশ্বরী রোডের শফিউল আলম কাদেরীকে পাঁচ লাখ টাকা, উত্তর পাহাড়তলীর মোহাম্মদ নজরুলকে পাঁচ লাখ টাকা, শাপলা আবাসিক এলাকার বদিউল আলমকে পাঁচ লাখ টাকা, জঙ্গল লতিফপুরের সাইফুদ্দিন মহসিনকে পাঁচ লাখ টাকা, একই এলাকার পাহাড়িকা আবাসন প্রকল্পের আবদুল আজিজ ওরফে লাল মিয়াকে পাঁচ লাখ টাকা, একই এলাকার মো. রনিকে তিন লাখ টাকা ও নুর মোহাম্মদকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।"
তিনি জানান, দণ্ডিত প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আগামী ১০ দিনের মধ্যে জরিমানা পরিশোধের জন্য নোটিস দেওয়া হবে।
এছাড়া পাহাড় কাটা বন্ধ করে আগের অবস্থানে ফিরিয়ে আনারও নির্দেশ দেওয়া হয়েছে- জানিয়ে জাফর আলম বলেন, "নইলে পরিবেশ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৪৭ ঘ.
bdnews24