ঢাকা, সেপ্টম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নিহতের স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।
এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শক আহত হয়েছেন। আটক হয়েছেন নিহতের দুইজন আত্মীয়।
হট্টোগোলের সময় কাকতালীয়ভাবে হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ ঘটনয় তদন্ত কমিটি গঠন করতে বলেছেন হাসপাতাল কর্তৃপক্ষকে।
আত্মীয়দের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় রোগী ইসমাইল হোসেনের (২৬) মৃত্যু হয়েছে।
ইসমাইল একটি বেসরকারি টেলিভিশনের গাড়িচালক ছিলেন। বাড়ি ফরিদপুর কোতয়ালীর দিনসানপুর গ্রামে।
হাসপাতালের পরিচালক শহিদুল হক মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ময়নাতদন্ত ছাড়া লাশ না নিতে পেরে স্বজনরা এ অভিযোগ করছেন।"
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, "দোষী প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।"
মন্ত্রী হাসপাতাল ছাড়ার পরপর রোগীর স্বজনদের কিলঘুষিতে ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক আহত হন।
পুলিশ এ ঘটনয় রতন ও হানিফ নামে দুইজনকে আটক করেছে। এরা নিহতের আত্মীয়।
হাসপাতালের পরিচালক বলেন, "তিনি মারা যাওয়ার পর স্বজনরা তার লাশ জোড় করে নিয়ে হাসপাতালে বাহিরে নিয়ে যায়। তখন ফাঁড়ির পুলিশ লাশ নিয়ে আসে।"
"সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে পুলিশি তদন্ত ছাড়া লাশ দেওয়া যায় না।"
নিহতের স্ত্রী নুরজাহান আক্তার ঝর্ণা ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, "শুক্রবার দুপুর ৩টার দিকে ফরিদপুর আড়াইশ শয্যা হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন ইসমাইল।
"ইসমাইল ওই সময় একটি মোটর সাইকেলে পিছনে ছিলো।"
শুক্রবার তাকে প্রথমে ফরিদপুরের ওই হাসপাতালে এবং পরে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
শনিবার বিকাল ৪টার দিকে ইসমাইল মারা যান বলে জানান ঝর্ণা।
তিনি অভিযোগ করেন, চিকিৎসক ও সেবিকাদের অবহেলায় তার স্বামীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে সাংবাদিকদের বলেন, "তদন্তে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
ইসমাইল হোসেনের চাচা শেখ সোহরাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই ওয়ার্ডে ভর্তি হলেও রোগীকে বারান্দায় রাখা হয়েছে। আর সকালে অধ্যাপক পরিদর্শনে আসলে ইসমাইলকে নার্সরা দেখায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/পিডি/২০৫৬ ঘ.
bdnews24